চাকরি মেলায় ২২ প্রতিষ্ঠান
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে জব ফেয়ার (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টার দিকে ফিতা কেটে ডুয়েটের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন মেলার উদ্বোধন করেন। মেলা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এতে এনার্জিপ্যাক, বেঙ্গল গ্রুপ, আকিজ গ্রুপ, যমুনা গ্রুপ, একমি, এসিআই, আনোয়ার গ্রুপ, ওরিয়ন গ্রুপ, ডিবিএল গ্রুপ, প্রাণ গ্রুপ, আরএফএল প্লাস্টিক, নোমান গ্রুপসহ ২২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্টল খুলেছেন। এর আগে ডুয়েট মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য এবং ডুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. কামরুজ্জামান।
উপাচার্য বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের পাস করা যন্ত্র প্রকৌশলীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার সুযোগ সৃষ্টি হয়েছে। মেলায় এ প্রতিষ্ঠানের ১২০ শিক্ষার্থীকে চাকরি দেওয়া হবে।