চাকরি রক্ষায় পা ধরে কাঁদলেন মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করা ৩২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়মিত অফিসে আসছেন, কাজ করছেন। কিন্তু বেতন-ভাতা পাচ্ছেন না ছয় মাস ধরে। পরিবার নিয়ে তাঁদের মানবেতর দিন কাটছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার ছয়জনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এ অবস্থায় চাকরি হারানোর শঙ্কায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানের পা ধরে কাঁদলেন এক মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী।
এই ছয়জনকে বরখাস্ত করার আদেশে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব রফিকুল ইসলাম। এতে গতকাল বুধবারের সই রয়েছে।
বরখাস্ত হওয়া কর্মচারীরা হচ্ছেন, অফিস সহকারী উজ্জ্বল কুমার সরকার, রোকসানা আক্তার ও খালেদা বেগম, কম্পিউটার অপারেটর মেহেরুন নেসা মিনু ও আশরাফুল ইসলাম এবং অফিস সহায়ক লিটন সরকার। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ওই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বুঝিয়ে দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। তবে কেউই চিঠি গ্রহণ করেননি।
এত দিন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করলেও তাঁরা প্রেষণে এসেছেন মুক্তিযোদ্ধা সংসদ থেকে। মুক্তিযোদ্ধা সংসদকে দেখভাল করে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়। ২০০২ সালে এই মন্ত্রণালয় গঠনের পর চাহিদার ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠানো হলেও তাঁদের চাকরি রাজস্ব খাতে নেওয়া হয়নি। অথচ এ সময়ে মন্ত্রণালয়ে স্থায়ীভাবে জনবল নিয়োগ করা হয়েছে এবং এখনো নিয়োগ-প্রক্রিয়া চলছে।
আজ ছয়জনকে বরখাস্ত করে তাঁদের নিজ প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা সংসদে পাঠানো হয়েছে। যদিও মুক্তিযোদ্ধা সংসদ তাদের গ্রহণ করবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। এ মুহূর্তে তাঁদের দায়িত্ব মন্ত্রণালয় বা মুক্তিযোদ্ধা সংসদের কেউ নিতে চাইছে না। মন্ত্রণালয় বলছে, তাঁরা সংসদের নিয়োগ দেওয়া। আর সংসদ বলছে, তাঁরা কাজ করছেন মন্ত্রণালয়ে; তাই মন্ত্রণালয় টাকা না দিলে তাঁদের বেতন হবে কীভাবে।
এ অবস্থায় চাকরি হারানোর শঙ্কায় থাকা অন্য কর্মচারীরা আজ মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সচিব এম এ হান্নান ও মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খানের সঙ্গে দেখা করতে চান। তাঁরা সকালে মন্ত্রণালয়ের করিডোরে তিনজনকে পেয়ে ২০ মিনিট ধরে চার পাশ থেকে ঘিরে থেকে কথা বলেন। তাঁদের মধ্যে এক মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যানের পা ধরে কাঁদতে থাকেন। বলতে থাকেন, তাঁর স্বামী মারা গেছেন। এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন?
সকাল থেকে এ অবস্থা চলতে থাকায় আজ মন্ত্রণালয়ে কোনো কাজই হয়নি। স্থবির হয়ে পড়েছে পুরো মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ২০০২ সালে এই মন্ত্রণালয় গঠনের পর জনবল কম থাকায় মুক্তিযোদ্ধা সংসদ থেকে লোক চাওয়া হয়। এরপর বিভিন্ন সময় সেখান থেকে এই কর্মচারীদের প্রেষণে মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। এই ৩২ জনের মধ্যে রয়েছেন সনদ শাখার ইনচার্জ, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর ও অফিস-সহায়ক। তাঁরা বলেছেন, তাঁদের কেউ কেউ শুরু থেকে আবার কেউ তিন বছর আগে থেকে মন্ত্রণালয়ে কাজ করছেন। মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হাটবাজার ইজারা থেকে আয়ের চার শতাংশ বরাদ্দ দিত মুক্তিযোদ্ধা সংসদকে। সংসদ ওই টাকায় তাঁদের বেতন দিত। ২০০২ সাল থেকে তাঁরা এভাবে চেকের মাধ্যমে বেতন-ভাতা পেয়েছেন। ২০০৮ সালে ওই বরাদ্দ কমিয়ে ২ শতাংশ করা হয়। ওই বেতনে চলেছে তাঁদের সংসার, বাসা ভাড়া ও সন্তানদের লেখাপড়া। কিন্তু ছয় মাস আগে হঠাৎ করে মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা সংসদকে ওই বরাদ্দ বন্ধ করে দিয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে তাঁদের বেতন। এতে কারও কারও সন্তানদের লেখাপড়া বন্ধ হয়েছে, কেউ পরিবার পাঠিয়ে দিয়েছেন গ্রামে। গত ঈদে তাঁরা বেতন-উৎসব ভাতা কিছুই পাননি।
আরও পড়তে ক্লিক করুন:-