চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি
উচ্চ আদালতের নির্দেশনার পরও চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কর্মরত শ্রমিকেরা। গতকাল রোববার খুলনা প্রেসক্লাবের সামনে তাঁরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে খুলনা ও বরিশাল বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নিয়োজিত শ্রমিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কর্মরত অস্থায়ী শ্রমিক হিসেবে আমরা কাজ করি। শ্রমিকদের অনেকে দীর্ঘ ২৭ থেকে ২৮ বছর ধরে কাজ করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমরা বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন পুরাকীর্তি সুরক্ষায় কাজ করে যাচ্ছি। কিন্তু এখানে কর্মরত শ্রমিকেরা দিনে মাত্র ৩০০ টাকা করে মজুরি পাচ্ছেন। এ টাকা দিয়ে সংসার খরচের পাশাপাশি সন্তানদের ন্যূনতম মৌলিক শিক্ষায় শিক্ষিত করতে পারছে না।’
চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে। দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও। কিন্তু কোনো সুব্যবস্থা না হওয়ায় ২০১৩ সালের ১৩ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সাইটে নিয়োজিত ৩৬ জন মাস্টাররোল শ্রমিক চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে আদালতে রিট আবেদন করেন। ওই মোতাবেক ২০১৪ সালের ৯ মার্চ এক আদেশের মাধ্যমে তিন মাসের মধ্যে ৩৬ জন মাস্টাররোল শ্রমিককে রাজস্ব বাজেটে আত্তীকরণের আদেশ দেন আদালত।