চাকরি সরকারীকরণের দাবিতে আন্দোলনের হুমকি শিক্ষকদের
চাকরি সরকারীকরণ করার এক দফা দাবিতে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে চারটি শিক্ষক সংগঠনের মোর্চা জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।পরিষদের নেতারা বলেছেন, নিবন্ধনকৃত বেসরকারি বিদ্যালয়গুলোয় কর্মরত শিক্ষকদের চাকরি সরকারীকরণ না করা পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ থেকে বেসরকারি প্রাথমিক শিক্ষক সংগঠনের চারটি মোর্চার নেতারা আন্দোলনের হুমকি দেন। তাঁরা বলেন, এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এর মধ্যে সরকারীকরণের ঘোষণা না এলে সেখান থেকেই কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।বেলা দুইটায় মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন। সমাবেশে কয়েক হাজার শিক্ষক যোগ দেন। পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতা ছাড়াও দেশের বিভিন্ন এলাকার শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন।সমাবেশ শেষে বিকেলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল বের করলে শহীদ মিনারের সামনে পুলিশ বাধা দেয়। কিন্তু শিক্ষকেরা বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে পর্যন্ত এলে সেখানে পুলিশ আবার বাধা দেয়।