চাকরি স্থায়ী করার দাবিতে নগর ভবনে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি স্থায়ী করার দাবিতে চট্টগ্রামে নগর ভবনের সামনে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ। ছবি: সৌরভ দাশ
চাকরি স্থায়ী করার দাবিতে চট্টগ্রামে নগর ভবনের সামনে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে আজ মঙ্গলবার নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাঁরা ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে আড়াই ঘণ্টা করপোরেশনের কার্যক্রম বন্ধ থাকে।
‘চট্টগ্রাম সিটি করপোরেশন তিন রেজিস্টার্ড সংগঠন যৌথ সংগ্রাম পরিষদ’ এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে প্রায় হাজার খানেক শ্রমিক-কর্মচারী অংশ নেন। করপোরেশনের শ্রমিক-কর্মচারী লীগ, জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও শ্রমিক সংস্থা চাকরি স্থায়ী করার দাবিতে যৌথভাবে এ আন্দোলন শুরু করে।
করপোরেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনে বর্তমানে সাত হাজার ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক আছেন। তাঁদের মধ্যে স্থায়ী দুই হাজার ৪৭২ জন এবং অস্থায়ী ভিত্তিতে আছেন চার হাজার ৬২২ জন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, শ্রমিক-কর্মচারীরা সকাল সাড়ে নয়টার দিকে নগর ভবনের প্রবেশফটকে তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভ সমাবেশ চলাকালে বেলা পৌনে ১১টার দিকে পুলিশের প্রহরায় মেয়র এম মনজুর আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নগর ভবনে প্রবেশ করেন। তবে এর পাঁচ মিনিট আগে শ্রমিক-কর্মচারীরা করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনকে প্রবেশ করতে দেননি। পরে মেয়রের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে তালা খুলে দেওয়া হয়। এই কর্মসূচির কারণে করপোরেশনের কার্যক্রম প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল।

যৌথ সংগ্রাম পরিষদের আহ্বায়ক দোস্ত মোহাম্মদ বলেন, ‘মেয়র মহোদয়ের সঙ্গে তিন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। তিনি বৃহস্পতিবারের মধ্যে চাকরি স্থায়ীকরণ-প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন। এ জন্য নগর ভবনের প্রবেশফটকের তালা খুলে দেওয়া হয়।’

চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘১৯৮৮ সালের অর্গানোগ্রাম অনুযায়ী করপোরেশনে এক হাজার ৩৪৫টি পদ শূন্য আছে। এসব পদ পূরণের জন্য করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে এসব পদ পূরণে কাজ শুরু করবে।’

জানা গেছে, গত বছরের ২৩ ফেব্রুয়ারি করপোরেশনের তত্কালীন প্রধান নির্বাহী কর্মকর্তা, চলতি বছরের ১৬ মে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গত মে দিবসের অনুষ্ঠানে মেয়র এম মনজুর আলম চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়েছিলেন।

যৌথ সংগ্রাম পরিষদের সদস্যসচিব কাজী আবু তৈয়ব প্রথম আলো ডটকমকে বলেন, ‘চাকরি স্থায়ী করার দাবিতে দুই বছর ধরে আন্দোলন করে আসছি। কর্তৃপক্ষ তিনবার চাকরি স্থায়ী করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই আবার মাঠে নেমেছি।’ তিনি বলেন,  বৃহস্পতিবারের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু না করলে পরবর্তী সময়ে গণস্বাক্ষর, কালো ব্যাজ ধারণ, কলমবিরতি, অনশন ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রায় ১৭ বছর ধরে এ সমস্যা বিরাজ করছে। এ সময়ে তাঁদের স্থায়ী করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি চাকরি স্থায়ী করার বিষয়ে আমরা সরকারকে চিঠি দিয়েছি। আশা করি, আমরা ইতিবাচক জবাব পাব।’