চাকরি স্থায়ী করার দাবিতে শ্রমিক-কর্মচারীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ চলাকালে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা ভবনের প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে দেন।
এ সময় কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে মেয়রের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১২টার দিকে তালা খুলে দেওয়া হয়। এতে করপোরেশনের কার্যক্রম প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল।
‘চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন রেজিস্টার্ড সংগঠন যৌথ সংগ্রাম পরিষদ’ এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে প্রায় হাজার খানেক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ চলাকালে সকাল পৌনে ১১টার দিকে পুলিশ প্রহরায় মেয়র এম মন্জুর আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নগর ভবনে প্রবেশ করেন। তবে এর পাঁচ মিনিট আগে শ্রমিক-কর্মচারীরা করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনকে প্রবেশ করতে দেননি শ্রমিকেরা।
করপোরেশন সূত্রে জানা গেছে, চসিকে বর্তমানে সাত হাজার ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নিয়োজিত আছেন। তাঁদের মধ্যে স্থায়ী হচ্ছেন দুই হাজার ৪৭২ জন এবং অস্থায়ী ভিত্তিতে আছেন চার হাজার ৬২২ জন।
চট্টগ্রাম সিটি মেয়র এম মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ১৯৮৮ সালের অর্গানোগ্রাম অনুযায়ী করপোরেশনে এক হাজার ৩৪৫টি পদ শূন্য আছে। এসব পদ পূরণের জন্য করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে এসব পদ পূরণে কাজ শুরু করবে।
যৌথ সংগ্রাম পরিষদ দাবি আদায়ে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে। পরে মেয়রের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়।
যৌথ সংগ্রাম পরিষদের আহ্বায়ক হাজী দোস্ত মোহাম্মদ বলেন, মেয়র মহোদয়ের সঙ্গে তিন শ্রমিক সংগঠনের শীর্ষনেতাদের বৈঠক হয়েছে। তিনি বৃহস্পতিবারের মধ্যে চাকরি স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন। এ জন্য নগর ভবনের প্রবেশ ফটকে তালা খুলে দেওয়া হয়।
জানা গেছে, গত বছরের ২৩ ফেব্রুয়ারি করপোরেশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা, চলতি বছরের ১৬ মে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গত মে দিবসের অনুষ্ঠানে মেয়র এম মন্জুর আলম চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়েছিলেন।
যৌথ সংগ্রাম পরিষদের সদস্যসচিব কাজী আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘চাকরি স্থায়ী করার দাবিতে দুই বছর ধরে আন্দোলন করে আসছি। কর্তৃপক্ষ তিন বার চাকরি স্থায়ী করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই আবার মাঠে নেমেছি।’
কাজী আবু তৈয়ব জানান, বৃহস্পতিবারের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু না করলে পরবর্তী সময়ে গণস্বাক্ষর, কালো ব্যাজ ধারণ, কলম বিরতি, অনশন ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১৭ বছর ধরে এ সমস্যা বিরাজ করছে। এ সময়ে তাঁদের স্থায়ী করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি চাকরি স্থায়ী করার বিষয়ে আমরা সরকারকে চিঠি দিয়েছি। আশা করি আমরা ইতিবাচক জবাব পাব।’
আলী আহমদ বলেন, তাঁদের চাকরি স্থায়ীকরণে কিছু জটিলতা আছে। তার পরও সরকারের বিধি-বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণে ত্বরিত পদক্ষেপ নেওয়া হবে। মেয়র মহোদয় শ্রমিক-কর্মচারীদের আশ্বস্ত করেছেন। খুব দ্রুত এ প্রক্রিয়া শুরু করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ, চসিক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এবং চসিক শ্রমিক সংস্থা চাকরি স্থায়ী করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। সর্বশেষ তিন সংগঠন যৌথভাবে এ আন্দোলন শুরু করে।