চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি
চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিরাজগঞ্জ ও নওগাঁর কার্যালয়ের অস্থায়ী পিচ রেট কর্মচারীরা। সিরাজগঞ্জে এক সপ্তাহের বেশি সময় ধরে এবং নওগাঁয় ১৬ অক্টোবর থেকে এ কর্মসূচি চলছে।
সিরাজগঞ্জ পিডিবি ও পিচ রেট কর্মচারী ঐক্য পরিষদ সূত্র জানায়, পিডিবি সিরাজগঞ্জ কার্যালয়ে ২৪ জন পিচ রেট কর্মচারী ১৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মাত্র একজনের চাকরি অনেক আগে স্থায়ী করা হয়েছে। বাকি কর্মচারীরা একাধিকবার পিডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।
সিরাজগঞ্জে পিডিবির আওতাধীন ৪৫ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এর মধ্যে ১৫ হাজার গ্রাহক প্রিপেইড এবং ৩০ হাজার গ্রাহক মাসিক বিল দেন। এই গ্রাহকদের মিটার রিডিং নেওয়া, বিল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মাত্র একজন স্থায়ী কর্মচারী রয়েছেন। নিয়ম অনুযায়ী, ১২০ জন গ্রাহকের জন্য একজন করে মিটার রিডার ও বিল বিতরণকারী থাকার কথা। বর্তমানে অস্থায়ী ভিত্তিতে ১০ জন মিটার রিডার এবং ১৩ জন বিল বিতরণের দায়িত্ব পালন করছেন। এই কর্মচারীরা রিডিং সংগ্রহ এবং বাড়িতে বাড়িতে বিল পৌঁছে দিচ্ছেন। এ জন্য তাঁরা পারিশ্রমিক হিসেবে রিডিংয়ের ক্ষেত্রে মিটারপ্রতি ১ টাকা ৭০ পয়সা এবং বিল পৌঁছানো বাবদ বিলপ্রতি মাত্র ১ টাকা ১০ পয়সা করে পাচ্ছেন। এর মধ্যে থেকেও ভ্যাট কেটে নেওয়া হচ্ছে।
কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সাদেক আলী বলেন, ‘মিটার রিডিং ও বিল পৌঁছানোর জন্য যে পরিমাণ টাকা কর্মচারীদের দেওয়া হয়, তা খুবই নগণ্য। চাকরি স্থায়ীকরণ হবে—এ আশায় ১৭ বছর ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমাদের মৌখিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো কাগজপত্রও দেওয়া হয়নি। চাকরির বয়সও শেষ হয়ে গেছে। এখন নতুন কোনো চাকরিতে যোগদানের উপায়ও নেই। চাকরি স্থায়ীকরণের দাবিতে বহুবার পিডিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছি। কিন্তু কর্মকর্তারা একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। যে কারণে এক সপ্তাহ ধরে প্রতিদিন ছয় ঘণ্টা করে কর্মবিরতি পালন করছি।’
এ বিষয়ে পিডিবির রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘উন্নত প্রযুক্তি ব্যবহার করে মিটার রিডিংয়ের ক্ষেত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হবে। এই নিয়মের মধ্যে বর্তমান কর্মরত পিচ রেট কর্মচারীরা পড়লে তাঁদের সংযুক্ত করা যেতে পারে। বর্তমানে যে ব্যক্তি যে কয়টা মিটার থেকে রিডিং নেবেন এবং বিল পৌঁছে দেবেন, নিয়মানুযায়ী তাঁরা সেই পরিমাণ পারিশ্রমিকই পাবেন। আন্দোলনের বিষয়টি তাঁদের নিজস্ব ব্যাপার। এই মুহূর্তে এ সকল কর্মচারীর স্থায়ীকরণের কোনো সুযোগ নেই।’
এদিকে চাকরি স্থায়ী করার দাবিতে নওগাঁয় পিচ রেট কর্মচারীদের কর্মবিরতি ও নওগাঁ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মসূচি গতকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল।
কয়েকজন আন্দোলনকারী জানান, তাঁরা ১৬-১৭ বছর ধরে পিচ রেট (মিটার ও বিলের পরিমাণ অনুযায়ী মজুরি) কর্মচারীরা পিডিবির রাজস্ব আদায়ের কাজ করে আসছেন। কিন্তু তারপরও তাঁদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। এ অবস্থায় চাকরি স্থায়ী করার দাবিতে ১৬ অক্টোবর থেকে তাঁরা কর্মবিরতি পালনসহ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন।
নওগাঁ পিচ রেট ঐক্য পরিষদ আন্দোলন কমিটির সভাপতি দেলওয়ার হোসেন বলেন, ১৬ জেলায় এক হাজারের ওপরে পিচ রেট কর্মচারী রয়েছেন। এর মধ্যে নওগাঁয় ৫২ জন কর্মচারী রয়েছেন। চাকরি স্থায়ী না হওয়ার কারণে পিচ রেট কর্মচারীরা নির্দিষ্ট কোনো বেতন পান না। মিটার রিডিং ও বিল বিতরণের সংখ্যা অনুযায়ী সামান্য কিছু বেতন তাঁরা পান। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ মিটার রিডিং ও বিল বিতরণের কাজ ঠিকাদারদের মাধ্যমে করানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই কাজটাও তাঁরা হারাতে বসেছেন।
নওগাঁ পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শঙ্কর কুমার দেব বলেন, এই কর্মচারীদের চাকরি স্থায়ী করার এখতিয়ার পিডিবি চেয়ারম্যানের। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত তাঁর কাছে এখনো আসেনি।