
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা চাকরি স্থায়ী করার দাবিতে আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার খনির প্রধান ফটকের সামনের সড়কে শ্রমিক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, শ্রমিকনেতা রাহেনুল ইসলাম, এরশাদ হোসেন, জাকির হোসেন, শাহীন আলম, নুর ইসলাম প্রমুখ।
সমাবেশে রবিউল ইসলাম বলেন, বড়পুকুরিয়া কয়লাখনিতে ১ হাজার ৪১ জন শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে ভূগর্ভ থেকে কয়লা তুলছেন। কিন্তু তাঁরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। কয়লা তুলতে গিয়ে এ পর্যন্ত পাঁচ শ্রমিক মারা গেছেন। ভূগর্ভে প্রচণ্ড গরম। তাই শ্রমিকেরা মাসে ২০ দিনের বেশি কাজ করতে পারেন না। অথচ খনি কর্মকর্তারা ১৭ থেকে ১৮ দিন কাজ করে প্রতি মাসে লক্ষাধিক টাকা বেতন তুলছেন। বছর শেষে পাচ্ছেন লাখ লাখ টাকা লভ্যাংশ-বোনাস। অথচ সাধারণ শ্রমিকদের দৈনিক মজুরি ২৯৭ টাকা এবং ভূগর্ভের শ্রমিকদের মজুরি ৩৫০ টাকা। মাসে আট হাজার টাকার বেশি মজুরি শ্রমিকদের কপালে জোটে না।
বক্তারা বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া এসব শ্রমিকের কাজ ও মজুরির নিশ্চয়তা নেই। কাজ নেই তো মজুরি নেই। এ পরিস্থিতিতে কর্মরত শ্রমিকেরা বেতন বাড়ানোসহ চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০১১ সাল থেকে আন্দোলন করে আসছেন। এ পর্যন্ত পাঁচবার চাকরি স্থায়ীকরণের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু খনি কর্তৃপক্ষ এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেনি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে দাবি আদায়ে সময়সীমা দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ১৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম এন আওরঙ্গজেব বলেন, ‘শ্রমিকদের দাবিসংবলিত আবেদন পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’