চাকরি স্থায়ী করার দাবিতে চসিকের অস্থায়ী কর্মীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন অস্থায়ী কর্মকর্তা–কর্মচারীরা
ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীরা। সিটি করপোরেশনের অস্থায়ী কর্মকর্তা–কর্মচারীরা চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে গত শনিবার থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহ্বায়ক আবু তাহের বলেন, অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ী করার ব্যাপারে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আন্তরিক। কিন্তু কিছু অদৃশ্য অপশক্তির কারণে চাকরি স্থায়ীকরণ হচ্ছে না। এই কালো শক্তি রুখতে হবে। চাকরি স্থায়ী না হওয়া তাঁরা অমানবিক জীবন যাপন করছেন। চাকরি স্থায়ী করার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য চিকিৎসক দীপা ত্রিপুরা, হাসান মুরাদ চৌধুরী, সুমন তালুকদার ও জুয়েল মহাজন। বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব সাজু মহাজন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী, জামশেদ মোহাম্মদ, লিটন বড়ুয়া, জ্যেষ্ঠ যুগ্ম সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।