রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে গতকাল রোববার বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেছেন।
কর্মচারী ও বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের ৩৬ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আদালতে মামলা করে তাঁদের পক্ষে রায় পেয়েছেন। রায়ে বলা হয়েছে, পদ শূন্য থাকা সাপেক্ষে বোর্ডের স্থায়ী কর্মচারী হিসেবে তাঁদের নিয়োগ দিতে হবে। কিন্তু বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত এখনই তাদের নিয়োগ দিতে চাচ্ছেন না। এ জন্য ক্ষুব্ধ কর্মচারীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা শূন্য পদে তাঁদের নিয়োগের দাবি জানান। কিন্তু চেয়ারম্যান নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের নিয়োগ দেওয়ার কথা বলেছেন। আদালতের রায়ের পরও আবার নিয়মের কথা বলায় কর্মচারীরা ক্ষুব্ধ হন। তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
কর্মচারীরা বলছেন, তাঁরা আদালতে রায় পেয়েছেন। পদও শূন্য রয়েছে। অথচ চেয়ারম্যান আদালতের রায় মানছেন না।
চেয়ারম্যান আবুল হায়াত বলেন, তিনি নিয়মের বাইরে কিছু করবেন না। তিনি বলেন, কর্মচারীরা একতরফা রায় পেয়েছেন। এই মামলায় বোর্ডের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিল না। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।