গত মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ডাক বিভাগের ১৮ জন অস্থায়ী পোস্টম্যানের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। জানা গেছে, জেলা ডাক বিভাগ ২০০৪ সালে ছয়জনকে অস্থায়ী ভিত্তিতে পোস্টম্যান পদে নিয়োগ দেয়। পরে তাঁদের চাকরি স্থায়ী না করায় চার বছর ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। এঁদের একজন মো. হানিফ। ৫ নভেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দাবি আদায়ে অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।এদিকে, ডাক বিভাগের কর্মচারীদের অনশন কর্মসূচির খবর পেয়ে দুপুর ১২টার দিকে পটুয়াখালীর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শহীদুল ইসলাম কর্মসূচিস্থলে উপস্থিত হন। এ সময় তিনি বলেন, পোস্টম্যানদের দাবি ন্যায্য, উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁদের বেতন-ভাতা না দেওয়া অন্যায় হয়েছে। তিনি আন্দোলনরত কর্মচারীদের সব বকেয়া বেতন ও ১৮ জন অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়ে অনশন ভাঙান।