চাকরি স্থায়ী করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ী করার দাবিতে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বেলা সাড়ে ১১টায় খনির অফিসার্স ওয়েলফেয়ার কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খনি চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে শ্রমিকেরা সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রমুখ। প্রায় ৬০০ শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে ওয়াজেদ আলী বলেন, ‘অবিলম্বে আমাদের চাকরিতে স্থায়ী নিয়োগ দিতে হবে। শ্রমিকেরাই অক্লান্ত পরিশ্রম করে এই খনিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। অথচ খনি কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করছে না। বর্তমানে শ্রমিকদের একটাই দাবি, অবিলম্বে চাকরি স্থায়ী করতে হবে। ১৯ জানুয়ারির মধ্যে এ দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’
খনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, ‘আন্দোলনরত শ্রমিকেরা খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের নিয়োগপ্রাপ্ত কর্মচারী। তাঁরা বছর দুয়েক আগে ওই প্রতিষ্ঠানের সঙ্গে ছয় বছর মেয়াদি চুক্তির ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। শ্রমিকদের দাবির প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। তবে বাস্তবে করার কিছু নেই। কারণ, খনিতে যত নিয়োগ হয়, সব নিয়োগই সরকারি বিধিবিধান মেনে করা হয়।’