দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা চাকরি স্থায়ীকরণের আশ্বাসে গত মঙ্গলবার রাতে তাঁদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন। পরে খনির ভূগর্ভের ১ হাজার ৪০০ ফুট নিচে কর্মবিরতিতে থাকা ২৮৫ শ্রমিককে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ওপরে নিয়ে আসা হয়।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, খনি কর্তৃপক্ষ নিজস্ব খরচে শ্রমিক নেতাসহ ৫০ জন শ্রমিককে ঢাকা নিয়ে যাবে। সেখানে তাঁদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আমিনুজ্জামানসহ খনি কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নুরল আওরঙ্গজেব কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।