চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি
চাকরি স্থায়ী করার দাবিতে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অস্থায়ী শ্রমিকেরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ইপিজেড থানার গুপ্তাখাল এলাকায় কোম্পানির মূল ডিপোতে এ কর্মবিরতি পালন করেন তাঁরা।
কর্মবিরতির সময় ডিপো থেকে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় ডিপোর স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়।
নাম প্রকাশ না করে কর্মবিরতিতে অংশ নেওয়া এক শ্রমিক প্রথম আলোকে বলেন, ‘২৩ বছর ধরে দৈনিক ভিত্তিতে কাজ করছি। আমাদের স্থায়ী না করে টাকার বিনিময়ে কয়েক মাস কাজ করছে এমন শ্রমিকদের নিয়োগ দিচ্ছে প্রশাসন। এত দিন কাজ করার পর আমাদের এটাই পাওনা?’
শ্রমিকেরা বলেন, প্রতিদিন ১৭০ টাকা মজুরির ভিত্তিতে প্রায় ৬৪ জন শ্রমিক ডিপোতে কাজ করছেন। তাঁদের মধ্যে ৩৩ জনের চাকরির বয়স ১৮ থেকে ২৩ বছর। নিয়মানুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে এসব শ্রমিক থেকে স্থায়ী নিয়োগ হওয়ার কথা। কিন্তু প্রশাসন এসব মানছে না।
বেলা একটায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে মেঘনার প্রশাসন। বৈঠকে শ্রমিকদের স্থায়ী নিয়োগের আশ্বাস দেওয়ার পর তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর জানান, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।