চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণ ও জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার রংপুর ও নীলফামারীতে কর্মবিরতি পালন করেছেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ইন্টিগ্রেটেড অ্যাগ্রিকালচারাল প্রডাক্টিভিটি প্রকল্পের (আইএপিপি) কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া রংপুর শহরের ইসলামবাগে প্রকল্প কার্যালয়ের সামনে কাজ বন্ধ করে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন আইএপিপি কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা শিপন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন কর্মকর্তা ওবাইদুল হক, আসাদুজ্জামান সরকার, রবিউল ইসলাম প্রমুখ।
এদিকে আইএপিপি অ্যাসোসিয়েশনের ব্যানারে নীলফামারী জেলা প্রকল্প কার্যালয়ের সামনে গতকাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রকল্পের ৭২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করেন।
সংগঠনের সভাপতি সেলিম হোসেন বলেন, ‘নিয়োগপত্রের শর্ত অনুযায়ী প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল পাওয়ার যোগ্য হলেও প্রকল্প পরিচালক আবদুল কাদের তা বাস্তবায়ন করছেন না। কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে প্রকল্পটি সুনাম অর্জন করায় অর্থদাতা সংস্থা পুনরায় অর্থ বরাদ্দের সম্মতি প্রদান করে। কিন্তু প্রকল্প পরিচালক সেখানেও উদাসীনতা দেখাচ্ছেন। প্রকল্প পরিচালকের একগুঁয়েমির কারণে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে বসেছে। আমরা ওই প্রকল্প পরিচালকের পদত্যাগ ও চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’
সেলিম হোসেন আরও বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় এবং মৎস৵ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আইএপিপি প্রকল্পটি দেশের ৮ জেলার ৫৪ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বিএডিসি, বিআরআরআই, বিএআরআই, এসসিএ এবং বিএফআরআইসহ মোট আটটি সংস্থা প্রকল্পটিতে যুক্ত রয়েছে। বর্তমানে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৭২১ জন।
কর্মবিরতি চলার সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল করিম, সদস্য আসাদুজ্জামান, শাহাদাৎ হোসেন, মিল্টন খন্দকার, খোকন কুমার সিংহ, সৌমেন রায় প্রমুখ।