চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের চুক্তিভিত্তিক অস্থায়ী শ্রমিকেরা গতকাল রোববার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। কর্মবিরতি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিদ্যুৎকেন্দ্রের ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নূরুজ্জামান সরকার, সহসভাপতি শাহাজাদা, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। শ্রমিকনেতারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎকেন্দ্রের ২৪৩ জন শ্রমিক অস্থায়ী চুক্তির ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। চাকরি স্থায়ীকরণের জন্য প্রায় এক বছর আগে তাদের পরীক্ষা নেওয়া হয়। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও আজ পর্যন্ত একজনকেও স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। অথচ একই সঙ্গে পরীক্ষা দেওয়া ২৮ জন কর্মকর্তাকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। চাকরি স্থায়ীকরণের দাবিতে ২৭ জুন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ৪ জুলাই পর্যন্ত মানববন্ধন, ধর্মঘট ও কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ারও ঘোষণা দেন শ্রমিকনেতারা।