চাকরি স্থায়ীকরণের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টাররোল কর্মচারীদের আন্দোলন অব্যাহত আছে। তাঁরা গতকাল মঙ্গলবার প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী সূত্রে জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়ে ১০৫ জন কর্মচারী মাস্টাররোলে চাকরি করছেন। তাঁদের চাকরি দীর্ঘদিনেও স্থায়ী হয়নি। এ কারণে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাকরি অ্যাডহককরণের দাবি জানান। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এক সপ্তাহ ধরে তাঁরা ক্যাম্পাসে অনশন ধর্মঘট, অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করে আসছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টার দিকে আন্দোলনরত কর্মচারীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ে এলএমএ অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান, ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. রবিউল হক, কৃষি অনুষদের ডিন আবুল কাশেম চৌধুরী, প্রক্টর পূর্ণেন্দু বিশ্বাসসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানান। কিন্তু আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।
আন্দোলনকারী কর্মচারীরা বলেন, ১৩ নভেম্বর মাস্টাররোল কর্মচারীরা চাকরি অ্যাডহককরণের দাবিতে ক্যাম্পাসে সভা-সমাবেশ করেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা কার্যকর হচ্ছে না। এ কারণে আন্দোলন চলছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর বিশ্ববিদ্যালয়ের শ্রমিকদের চাহিদার কথা বিবেচনা করে ৫০টি কর্মচারীর পদে নিয়োগের অনুমোদন ও বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদন ও বাজেট বরাদ্দ পেলে কর্তৃপক্ষ এই শ্রমিকদের স্থায়ী পদে নিয়োগ দিতে পারবে।