চাকরি স্থায়ীকরণ, পৃথক মজুরি কমিশন গঠনসহ ১১ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২৪৪ জন অস্থায়ী শ্রমিকসহ শ্রমিকনেতারা অবস্থান ধর্মঘট পালন করেছেন। গতকাল সোমবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকেরা তাপবিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন। এ সময় কেন্দ্রের কোনো কর্মকর্তাকে দপ্তরে ঢুকতে দেননি তাঁরা। ধর্মঘটের সময় শ্রমিকনেতারা বলেন, তাঁরা ২৪৪ জন শ্রমিক ১০ বছর ধরে তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন, জেনারেটর ও মেকানিক শাখায় কাজ করছেন। যেদিন কাজ থাকে সেদিন মজুরি পান, নয়তো পান না। তাঁদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাঁদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা নিচ্ছে না।এ ব্যাপারে তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলীর দায়িত্বরত ব্যবস্থাপক (পরিচালন) জয়দেব কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘চাকরি স্থায়ীকরণের বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিষদের এখতিয়ারে। এ ব্যাপারে আমাদের করার কিছু নেই।’ ধর্মঘটের কারণে গতকাল দুপুর পর্যন্ত তাঁরা দপ্তরে ঢুকতে পারেননি বলে স্বীকার করেন জয়দেব।