চাকরি স্থায়ীকরণের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা গতকাল রোববার দুপুর ১টা ১০ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এতে খনিতে কর্মরত ১ হাজার ৪১ জন শ্রমিক অংশ নেন। এতে ভূগর্ভের ১ হাজার ২০০ ফুট নিচে ওই সময় কর্মরত খনির ৩৫০ জন শ্রমিক কর্মবিরতিতে যোগ দেওয়ায় কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
দাবি মেনে নেওয়া না হলে ভূগর্ভের শ্রমিকেরা ওপরে উঠে আসবেন না বলে জানিয়েছেন বড়পুকুরিয়া শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। খনির উপরিভাগের প্রায় ৮০০ শ্রমিক আন্দোলনে অংশ নিচ্ছেন।
কয়েকজন শ্রমিক ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা যায়, ২০০৫ সালে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু করে। শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ১ হাজার ৪১ জন বাংলাদেশি শ্রমিক ‘কাজ নাই মজুরি নাই’ভিত্তিতে চাকরি করছেন। দীর্ঘ সময়ে কয়লার উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় এ খনি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়। এতে খনি কর্মকর্তাদের বেতন-ভাতা ও বোনাস বহুগুণ বৃদ্ধি পেলেও শ্রমিকদের বেতন-ভাতার উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি ঘটেনি।
এ ব্যাপারে জানতে চাইলে বড়পুকুরিয়া শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম গতকাল দুপুরে বলেন, চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবি মেনে নিতে গত ৮ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে সময়সীমা বেঁধে দিয়েছিলেন শ্রমিকেরা। ১৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার কথা ছিল। কিন্তু স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর পর্যন্ত তাঁরা ওই কর্মসূচি স্থগিত করেন। এর মধ্যে ১৫ ডিসেম্বর স্থানীয় সাংসদের উপস্থিতিতে খনি কর্তৃপক্ষ ও শ্রমিকনেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের দাবির ব্যাপারে সমঝোতা না হওয়ায় দাবি মেনে নিতে ৭ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় খনি কর্তৃপক্ষকে। তাতেও সাড়া না পাওয়ায় গতকাল থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকেরা নিজ নিজ অবস্থানে থেকে কর্মবিরতি অব্যাহত রাখবেন।
এ ব্যাপারে জানতে খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম এন আওরঙ্গজেবের মুঠোফোনে গতকাল বিকেল পাঁচটায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।