দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৪৭ জন অস্থায়ী কর্মকর্তা ও শ্রমিকের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে কয়লাখনির সিবিএর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিবিএর সভাপতি আবুল কাশেম শিকদার, জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।
সিবিএর সভাপতি আবুল কাশেম বলেন, অস্থায়ী কর্মকর্তা ও শ্রমিকদের জাতীয় বেতন স্কেলে বেতনসহ সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। কোম্পানির মাইনিং ভাতাও দেওয়া হচ্ছে। খনির কর্মকর্তারা তাঁদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছেন না।
কয়লাখনির মহাব্যবস্থাপক (প্রশাসন) সিরাজুল ইসলাম বলেন, সরকারের বিদ্যমান নীতিমালার আলোকে ওই সব শ্রমিকের চাকরি স্থানীয়করণের চেষ্টা চলছে।