চাকরি হলো না, তথ্যও পেলেন না প্রতিবন্ধী রাসেল

শারীরিক প্রতিবন্ধী রাসেল ঢালী ‘পরিবার পরিকল্পনা পরিদর্শক’ পদের জন্য মৌখিক পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে পেয়েছেন ২৮। তবে মৌখিক পরীক্ষায় প্রায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে এবং প্রতিবন্ধী কোটা থাকার পরও তিনি চাকরি পাননি।
গত বছরের ১৩ এপ্রিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মুন্সিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুর ইউনিয়ন থেকে তৃতীয় শ্রেণীর পদটির জন্য আবেদন করেন রাসেল। সে বছরের ২১ জুন লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন থানার ৫৭ জন প্রার্থী উত্তীর্ণ হন, তাঁদের মধ্যে রাসেলও ছিলেন। পরে বিভিন্ন থানায় ইউনিয়নভিত্তিক চূড়ান্তভাবে যে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়, তাঁর মধ্যে রাসেলের নাম নেই।
১৯৯৭ সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে জেলা কোটার বাইরে এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জন্য ১০ শতাংশ কোটা রাখার নিয়ম রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতেও সরকারের নিয়ম অনুযায়ী প্রতিবন্ধীসহ অন্যান্য কোটা সংরক্ষণ করা হবে বলে উল্লেখ ছিল।
গত ২১ জানুয়ারি মুন্সিগঞ্জের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বরাবর তথ্য অধিকার আইনের অধীনে রাসেল জানতে চান, চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া ১৫ জনের মধ্যে এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটাধারী কোনো প্রার্থী আছেন কি না। থাকলে তাঁদের নাম, রোল এবং তাঁরা কী ধরনের প্রতিবন্ধী—তা জানতে চেয়েছিলেন তিনি। একই সঙ্গে মৌখিক পরীক্ষায় নিজের প্রাপ্ত নম্বর জানতে চান রাসেল। তবে নিয়োগ পাওয়া ১৫ জনের মধ্যে এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটাধারী কেউ আছেন কি না, তা জানায়নি পরিকল্পনা অধিদপ্তরের মূল কার্যালয়। গত ২০ মার্চ রাসেলকে জানানো হয়, মৌখিক পরীক্ষায় ২৮ নম্বর পেয়েছেন তিনি।
রাসেল গত বছরের ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনেও বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আদেশনামায় জানানো হয়, অভিযোগটি চাকরিবিষয়ক এবং এটি সেই প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়। তবে প্রতিবন্ধী ব্যক্তি যদি যোগ্যতাসম্পন্ন হন, তাহলে তাঁর চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করাও প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। মানবাধিকার কমিশনের এ আদেশের কপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকেও পাঠানো হয়। তবে কোনো লাভ হয়নি।
রাসেল ঢালীর হাত-পায়ে সমস্যা। তবে তাঁর চলাফেরায় খুব একটা সমস্যা হয় না।
রাসেল ঢালী প্রথম আলোকে বলেন, ‘এ পদের জন্য শারীরিক সমস্যা কোনো সমস্যাই না। এ ছাড়া আমাকে যদি বাড়ি বাড়ি যেতে বলা হয়, আমি সে কাজও করতে পারব। আসল সমস্যা হলো, এ চাকরির জন্য দায়িত্বপ্রাপ্ত একজন আগেই বলেছিলেন, তিন লাখ টাকা দিলে চাকরি হবে। আমার সে সামর্থ্য নেই। তাই চাকরি হয়নি।’
চলতি সপ্তাহে দায়িত্ব হস্তান্তর করা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক গণেশ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘আমি এ পদে মাত্র দুই মাস দায়িত্ব পালন করেছি। এ নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না। তবে সব বিবেচনায় মৌখিক পরীক্ষায় ২৮ নম্বর পাওয়া এবং প্রতিবন্ধী কোটায় এ প্রার্থীর চাকরি পাওয়া উচিত ছিল। জেলা পর্যায়ে নিয়োগ কমিটি বিষয়টি ভালোভাবে বিচার করেনি বলে মনে হচ্ছে।’