চাকরি হারালেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও এক ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিত করাসহ নানা অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন কর্মচারীকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ভর্তি জালিয়াতির প্রমাণ পাওয়ায় আরও চারজনের পাঁচ বছরের বেতন বৃদ্ধি ও পদোন্নতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহিম কবীর গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২ জুলাই সিন্ডিকেটের সভায় তিন কর্মচারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি এবং তিনজন কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ২৮ জুলাই থেকে তা কার্যকর হয়েছে।

চাকরি থেকে অব্যাহতি দেওয়া তিন কর্মচারী হলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মচারী নুরুজ্জামান রুবেল, নিরাপত্তাকর্মী শাহীন বেগ ও প্রকৌশল বিভাগের সহকারী স্টোরকিপার মোহাম্মদ হুসাইন। তাঁদের মধ্যে শাহিন বেগের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন। আর নুরুজ্জামান রুবেল গত বছর উপাচার্যকে লাঞ্ছিত করেন। মোহাম্মদ হুসাইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া কাগজ তৈরি করে টিআর প্রকল্পের তিন টন গম হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

আর শাস্তিপ্রাপ্ত চার কর্মকর্তা-কর্মচারী হলেন সমাজবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) আতিকুজ্জামান সুমন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) শাহীন মিয়া ও রেজিস্ট্রারের দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) রাফিউল হাসান রাসেল এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সেমিনার সহকারী আবুল কালাম আজাদ।