চাকরিচ্যুত শিক্ষককে অবিলম্বে পুনর্বহালের দাবি শিক্ষার্থীদের
চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর কলেজে কর্তৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক স্বাগতম বড়ুয়াকে চাকরিচ্যুত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার প্রতিবাদে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা গত ৩০ সেপ্টেম্বর থেকে ক্লাস বর্জন করে আসছেন। গত শনিবার তাঁরা কলেজে অবস্থান কর্মসূচি ও রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন পালন করেছেন। তাঁরা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে স্বাগতম বড়ুয়াকে স্বপদে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা জানান।কলেজ সূত্রে জানা গেছে, স্বাগতম বড়ুয়া ২০০৯ সালের ৩ ডিসেম্বর নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের হিসাবরক্ষণ বিষয়ে প্রভাষক পদে নিয়োগ পান। তিনি ৫ ডিসেম্বর কাজে যোগ দেন। প্রায় তিন বছর পর কলেজ কর্তৃপক্ষ মাত্র চার দিনের সময় দিয়ে গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটায় বার্তাবাহকের মাধ্যমে তাঁর হাতে অব্যাহতিপত্র ধরিয়ে দেয়।নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ প্রক্রিয়া সম্পন্ন করেছে সাত মাস দুই দিন পর। ফলে ২০১১ সালের ২২ সেপ্টেম্বর নিজামপুর কলেজ অধ্যক্ষের বরাবরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে বলা হয়, নিয়োগপ্রক্রিয়া সাত মাস দুই দিনের ব্যবধানে হওয়ায় এবং হিসাবরক্ষণ শাখা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত না হওয়ায় স্বাগমত বড়ুয়াকে এমপিও প্রদান সম্ভব নয়।স্বাগতম বড়ুয়া বলেন, ‘নিয়োগপ্রক্রিয়া বিলম্বিত হওয়ার দায়ভার কলেজ কর্তৃপক্ষের। হিসাবরক্ষণ বিষয়ের অনুমোদন না থাকলে আগের শিক্ষক এমপিওভুক্ত হয়েছিলেন কীভাবে? কারিগরি শিক্ষা অধিদপ্তর এক বছর আগে কলেজ প্রশাসনকে এ বিষয়ে অবহিত করলেও বিষয়টি আমাকে জানানো হয়নি। উপরন্তু মাত্র চার দিনের সময় দিয়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়। অথচ চিঠি পাওয়ার পর জানতে পারি, কলেজ পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার ১৫ দিন পর আমাকে অব্যাহতিপত্র দেওয়া হয়েছে।’কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত বলেন, ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিঠির ভিত্তিতে স্বাগতম বড়ুয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ভুলভ্রান্তি থাকতেই পারে।’ তিন মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন না করার বিষয়ে জানান, ওই সময় তিনি কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন না। এ ছাড়া আগের পদত্যাগী শিক্ষক কী করে এমপিও পেয়েছিলেন, এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।