চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ
মুন্সিগঞ্জ সদর উপজেলার এ্যামিরেটস্ সিমেন্ট (বিডি) লিমিটেডের চাকরিচ্যুত শ্রমিকেরা তাঁদের পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। চরমুক্তারপুর এলাকায় সিমেন্ট কারখানার প্রধান ফটকে শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভকারী শ্রমিকেরা অভিযোগ করেন, সম্প্রতি এ্যামিরেটস্ সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাতে ৪০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। এ বিষয়ে শ্রমিকেরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করেন। জেলা প্রশাসন শ্রমিকদের ছাঁটাই করার কারণ এবং বিষয়টি তদন্তের জন্য কল-কারখানা পরিদর্শন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এদিকে কল-কারখানা পরিদর্শন কর্তৃপক্ষের প্রতিবেদন হাতে আসার আগেই এ্যামিরেটস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানাকেও চাকরিচ্যুত করে কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হন। তাই গতকাল সকাল ১০টায় তাঁরা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন। ক্ষুব্ধ শ্রমিকেরা সাত দিনের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।