দুই দশক আগে আনসার বিদ্রোহের পর চাকরি হারানো ১ হাজার ৪৪৭ জনের মধ্যে যাঁদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে, তাঁদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন উচ্চ আদালত। গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী সাহাবুদ্দীন খান লার্জ। আনসার মহাপরিচালকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও আইনজীবী আব্দুর রউফ শেখ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সূচীরা হোসেন।
রায়ের পর আইনজীবী সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার চার মাসের মধ্যে রিট আবেদনকারী ১ হাজার ৪৪৭ জনকে পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যাঁদের বয়সসীমা শেষ হয়েছে ও শারীরিকভাবে অক্ষম, তাঁদের পেনশন সুবিধা দিতে বলা হয়েছে। চাকরিচ্যুতির সময় তাঁরা যে যে পদে ছিলেন, সে পদে তাঁদের পুনর্বহাল করতে বলা হয়েছে। তিনি বলেন, আবেদনকারীদের মধ্যে সিপাহি, ল্যান্স নায়েক, নায়েক, হাবিলদার, অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার, প্লাটুন কমান্ডার ও কোম্পানির টু আইসি রয়েছেন।
আনসারে ১৯৯৪ সালে বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অসন্তোষ হয়। পরে তা বিদ্রোহে রূপ নেয়।