চাকরিচ্যুত সেই সার্জেন্টের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণকালে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং শ্রেণীকক্ষ ও প্রশিক্ষণ মাঠে অমনোযোগিতার কারণে পুলিশের সদ্য চাকরিচ্যুত সার্জেন্ট অরুণ চৌহান পুলিশ একাডেমির অধ্যক্ষের বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। একই দাবি করেছেন অরুণের প্রেমিকাও। গত শুক্রবার তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সঙ্গে দেখা করে এই দাবি করেন। তাঁরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক সরকারের কাছে বিচার দাবি করেছেন।অরুণ চৌহান ও তাঁর প্রেমিকার দাবি নাকচ করে দিয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ আমিনুল ইসলাম শুক্রবার বলেন, রাজশাহী মহানগরের একটি থানায় অরুণ চৌহানের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। তাঁর ট্রাংক থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে।পুলিশ একাডেমির অধ্যক্ষের এই বক্তব্য প্রসঙ্গে অরুণ চৌহান বলেন, তাঁর প্রেমিকা একটি ক্যামেরা, ২২টি পারিবারিক ছবি ও তাঁর শিক্ষাজীবনের সনদ তাঁর কাছে রেখেছিলেন। পুলিশ একাডেমি কর্তৃপক্ষ গত বছরের ৩০ ডিসেম্বর এগুলো তাঁর কক্ষ থেকে জব্দ করে। এরপর জব্দ করা জিনিসগুলো একাডেমির পক্ষ থেকে চারঘাট থানায় হস্তান্তর করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি বলেন, তাঁর প্রেমিকা বাবা-মার কারণে এসব জিনিস বাড়িতে রাখা নিরাপদ মনে না করে এগুলো তাঁর কাছে রেখেছিলেন।মেয়েটি সাংবাদিকদের বলেন, ভিন্নধর্মাবলম্বী ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার কারণে তাঁর বাবা-মা প্রায়ই তাঁর কাছ থেকে শিক্ষাজীবনের সনদ, ছবি ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করতেন। তাই তিনি এসব জিনিস বাড়িতে রাখা নিরাপদ মনে না করে প্রেমিক অরুণ চৌহানের কাছে রেখেছিলেন। তাঁর দাবি, তিনি স্বেচ্ছায় অরুণের কাছে এসব জিনিস রেখেছেন, তাই এগুলোকে চুরি করা মালামাল বলা যাবে না।মেয়েটি বলেন, অরুণের বিরুদ্ধে তাঁর বাবা-মার মিথ্যা মামলা দায়ের ও বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগের বিষয়গুলোর ব্যাপারে তিনি গত ৩ জানুয়ারি ডাকযোগে পুলিশ একাডেমির অধ্যক্ষ বরাবরে চিঠি পাঠিয়েছেন। পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, চিঠিটি সেখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে সুষ্ঠু প্রতিকার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও পুলিশের সহকারী মহাপরিদর্শক আতিকুল ইসলামের কাছেও চিঠি পাঠানো হয়েছে। সর্বশেষ বিষয়গুলো তুলে ধরে ৩ ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বরাবরে তাঁর দপ্তরে ফ্যাক্স পাঠিয়েছেন।এ ব্যাপারে পুলিশ একাডেমির অধ্যক্ষ আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন তোলেন, ‘বাড়িতে বাবা-মায়ের কাছে জিনিসপত্র নিরাপদ নয়, কিন্তু প্রেমিকের কাছে নিরাপদ। তাহলে বাবা-মায়ের চেয়ে মেয়েটির কাছে প্রেমিকই কি বেশি নিরাপদ হয়ে গেল।’ তিনি বলেন, সর্বসিদ্ধান্তক্রমে অরুণ চৌহানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেয়েটির পাঠানো চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো চিঠি বা আবেদন তিনি পাননি।মেয়েটি হাসপাতালে: অরুণ চৌহানের প্রেমিকা মানসিক চাপে অসুস্থ্য হয়ে গতকাল শনিবার ভোরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।