গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত আট শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকালে অবস্থান ধর্মঘট পালন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নূরুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল করিম, চাকরি রক্ষা কমিটির সদস্যসচিব মিয়া হোসেন, আবু হানিফ খন্দকার, খুরশিদ আলম ভূঁইয়া, মিয়াজ উদ্দিন, আফজাল হোসেন প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের ৫ জানুয়ারি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়ে আট শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চাকরিচ্যুত হলেও একই বিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া অন্য কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে চাকরি করছেন কীভাবে? সমাবেশ শেষে চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নূরুল আমীনের নেতৃত্বে একটি মৌন মিছিল করার চেষ্টা হলে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বাধা দেন এবং মিছিল না করার জন্য ওপরের নির্দেশ আছে বলে জানান। এ সময় উত্তেজনার সৃষ্টি হলে চাকরি রক্ষা কমিটির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সমাবেশে চাকরি রক্ষা কমিটির পক্ষ থেকে কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে মানববন্ধন, প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর চাকরিতে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান, শহীদ মিনারে আমরণ অনশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মানববন্ধন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম কামরুজ্জামান প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ে কোনো রকম মিছিল করার নিয়ম নেই। তার পরও যদি কোনো মিছিল করতে চায়, তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এ ছাড়া ইতিপূর্বে তাদের কোনো কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হয়নি।১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ সেপ্টেম্বর বিকেলে ৮০৭ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর থেকে চাকরি রক্ষা কমিটি বিক্ষোভ সমাবেশ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।