চাকরিচ্যুতদের অবস্থান ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো তাঁরা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট করেছেন। আন্দোলনকারীরা বলেছেন, চাকরিচ্যুতির সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে এসে নোটিশে চাকরিচ্যুতির তালিকা দেখে কর্মকর্তা-কর্মচারীরা আগের দিনের চেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা ক্যাম্পাসে জড়ো হয়ে সমাবেশ ও দিনভর অবস্থান ধর্মঘট করেন। চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মিয়া হোসেন, রেজাউল হাসান চৌধুরী, শাহ আলম, ফকির রফিকুল আলম, সালেহা বেগম, সানাউল্লাহ মিয়া, বিল্লাল হোসেন প্রমুখ।বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হলো ঘরে ঘরে চাকরি দেওয়া; কিন্তু অর্ধযুগের বেশি সময় ধরে কর্মরত ব্যক্তিদের চাকরিচ্যুত করা হচ্ছে। সরকারকে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে সরে আসার দাবি জানান তাঁরা। সমাবেশে চাকরিচ্যুত ব্যক্তিদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।আন্দোলনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আগের দিনের মতোই কার্যত অচল ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পরীক্ষা দপ্তরের সনদ শাখার কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ থাকবে।চাকরি রক্ষা কমিটির সদস্যসচিব মিয়া হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মামলায় কর্তৃপক্ষ আপিল করে থাকে, কিন্তু এখানে তারা আপিল না করে আট শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। আমরা শান্তিপূূর্ণ আন্দোলনের পাশাপাশি আইনের আশ্রয়ও গ্রহণ করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।’বিশ্ববিদ্যালয়ের এ পরিস্থিতিতে গতকালও ক্যাম্পাসে পোশাকধারী ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় কাজকর্ম হয়নি বললেই চলে। সরাসরি আন্দোলনে যোগ না দিলেও অনেককে অফিসের কাজ ফেলে আশপাশেই ঘোরাফেরা করতে দেখা গেছে।হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া আট শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। তাঁরা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে নিয়োগ পান। গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে চাকরিচ্যুত ব্যক্তিদের তালিকা টাঙিয়ে দেওয়া হয়।এদিকে পূর্বঘোষিত সময় অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৯ সালের (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।