জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রোববার থেকে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া অন্য কর্মকর্তা-কর্মচারীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজে অচলাবস্থা সৃষ্টি হয়।গতকাল অফিস সময় শেষ হওয়ার আগ মুহূর্তে চাকরিচ্যুতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানানো হয়। জানা গেছে, আলাদাভাবে চিঠি দিয়েও তাঁদের বিষয়টি জানানো হবে।হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া আট শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। তাঁরা ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে নিয়োগ পান।এই চাকরিচ্যুতিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কায় গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে গতকাল ছিল কড়া নিরাপত্তা। পুলিশের দায়িত্বরত একজন উপপরিদর্শক প্রথম আলোকে জানান, ক্যাম্পাসে পুলিশের ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে। সারা দিন ক্যাম্পাসে উত্তেজনা থাকলেও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, চাকরিচ্যুতদের টানানো তালিকায় দেখা যায়, তাঁদের মধ্যে ১১ জন শিক্ষক, পাঁচজন উপ-রেজিস্ট্রারের সমমানের কর্মকর্তা, সহকারী রেজিস্ট্রারের সমমানের কর্মকর্তা ২৩ জন, শাখা কর্মকর্তা ১২০ জন, টেকনিক্যাল ও সাব-টেকনিক্যাল কর্মকর্তা ৩০ জন; বাকিরা উচ্চমান সহকারী থেকে নিম্ন পদের কর্মচারী।চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা সকালে হাজিরা খাতায় সই করে নিচে নেমে আসেন। সকাল ১০টার কিছু পর তাঁরা প্রশাসনিক ভবনের পাশে কর্মচারীদের ক্যানটিনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। এ কর্মসূচি আহ্বান করে চাকরি রক্ষা কমিটি। কর্মসূচিতে এই কমিটির আহ্বায়ক নুরুল আমীন, মিয়া হোসেন, খোরশেদ আলম ও চাকরিচ্যুত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বক্তব্য দেন। নুরুল আমীন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চাকরিচ্যুত কয়েকজন প্রথম আলোকে বলেন, সাত-আট বছর চাকরির পর মধ্য বয়সে চাকরিচ্যুত হয়ে তাঁরা হতাশ। চাকরিচ্যুত শাখা কর্মকর্তা গুলশান আরা বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলব, তা নিয়ে চিন্তায় আছি। কারণ নতুন করে চাকরি পাওয়ার বয়সও চলে গেছে।’ লিয়াকত আলী নামের একজন বলেন, প্রায় আট বছর চাকরি করার পর চাকরিচ্যুত করা হলো।কর্মসূচি চলাকালে পাশের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল আমীন বলেন, ‘অবিলম্বে এই মামলার বিবাদী হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আপিল করা হচ্ছে। তাই আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ বা এ ধরনের কোনো অমানবিক সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চলতি দায়িত্বে থাকা সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালতের রায় ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রায় অর্ধেক জনবল (মোট জনবল এক হাজার ৭৩৫) চাকরিচ্যুত হওয়ায় কাজে সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, কোন দপ্তরে কারা চাকরিচ্যুত হলেন, তার খোঁজ নিয়ে সে অনুযায়ী কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হবে।