গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে চাকরি রক্ষা কমিটির উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়।পরে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখে সমাবেশ করেছেন। সমাবেশে সভাপতিত্ব করেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাকরি রক্ষা কমিটির সদস্যসচিব মিয়া হোসেন, সাহাবুদ্দিন, হানিফ খন্দকার, জলিল হোসেন, বেলাল হোসেন, সাইদুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সম্পূর্ণ বৈধভাবে নিয়োগের সব প্রক্রিয়া অনুসরণ করে চাকরি পেলেও কেবল রাজনৈতিক ও প্রতিহিংসার কারণে আট শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত কোনো নিয়োগেই সরকারি ও ইউজিসির নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। ফাইল নোটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত লোকেরা পদোন্নতি পেয়ে বর্তমানে ডেপুটি রেজিস্ট্রার পদ দখল করে বসে আছেন। ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ সেপ্টেম্বর বিকেলে ৮০৭ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর থেকে চাকরি রক্ষা কমিটি বিক্ষোভ সমাবেশ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।