চাকরিচ্যুতদের মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল রোববার মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাকরি রক্ষা কমিটির উদ্যোগে ৮০৭ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী চাকরি পুনর্বহাল করার দাবিতে ওই মানববন্ধন করেন।মানববন্ধনের আগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাকরি রক্ষা কমিটির সদস্যসচিব মিয়া হোসেন, সালেহা বেগম, আবু হানিফ খন্দকার, মিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন প্রমুখ।এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘১৬ অক্টোবর মহামান্য সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চে আমাদের আবেদনের শুনানি আছে। আপনি আমাদের প্রতি সদয় থাকলে ইনশাআল্লাহ রায় আমাদের পক্ষে আসবে। কারণ, আমরা সব নিয়মনীতি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি।’চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিন জানান, সোমবার সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কাছে চাকরি পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।আদালতের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১১ সেপ্টেম্বর বিকেলে ৮০৭ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর থেকে চাকরি রক্ষা কমিটি বিক্ষোভ সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।