চাকরিচ্যুতরা স্থগিত আদেশ পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি-সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি। চাকরিচ্যুতদের পক্ষে করা পৃথক আবেদন আগামী ১৬ অক্টোবর শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত নতুন নিয়োগ কার্যক্রম থেকে বিরত থাকতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে। গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী রফিক-উল হক, আবদুল মতিন খসরু ও নাসির উদ্দিন অসীম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আর পুনর্বিবেচনা আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী রেহান হোসেন ও আসমা আক্তার।রেহান হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। এতে স্থগিত চেয়ে ৫১৭ জন পৃথক দুটি আবেদন করেন। অবকাশকালীন বিশেষ চেম্বার বিচারপতি দুটি লিভ টু আপিল নাকচ করে দিয়েছেন।মোতাহার হোসেন বলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে করা পৃথক আবেদন আগামী ১৬ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে পুনর্বিবেচনা আবেদনের বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি অবসানসংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল। নাসিরউদ্দিন অসীম প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি ১৬ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৩ সেপ্টেম্বর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চাকরিচ্যুতদের পক্ষে করা আবেদনের (লিভ টু আপিল) শুনানিতে বিব্রত বোধ করেন। ওই দিনই বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। এরপর ১৫ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ওই বিশেষ বেঞ্চ গঠন করেন। গত ২৩ আগস্ট হাইকোর্টের দেওয়া একটি রায়ের পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া আট শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। তাঁরা ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে নিয়োগ পান। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সোমবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসে দিনব্যাপী অবস্থান ধর্মঘট ও সমাবেশ কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চাকরি রক্ষার জন্য তাঁরা গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্য তা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। তাই আজ মঙ্গলবার রাষ্ট্রপতি বরাবর সরাসরি স্মারকলিপি দেওয়া হবে।এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরী জানান, ‘রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে হলে সরাসরি তাঁদের অফিসে দিতে হবে। তাঁদের স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ নেই।’