চাকরিচ্যুতির আশঙ্কায় কর্মচারীদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিচ্যুতির আশঙ্কায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০ কর্মকর্তা-কর্মচারী আন্দোলন শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তাঁরা দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। একই সঙ্গে তাঁরা শিক্ষাসচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিন্ডিকেট সদস্যদের কাছে স্মারকলিপি দিয়েছেন।জানা যায়, ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় ২০০৪ সালে ভুয়া বিজ্ঞাপনের ভিত্তিতে চাকরি নেওয়ার অভিযোগে ২৩০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হতে পারে। ইতিমধ্যে এ-সংক্রান্ত তদন্তসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষ হয়েছে। এ ছাড়া প্রয়াত সাবেক উপাচার্য আফতাব আহমাদের সময়ে নিয়োগপ্রাপ্ত আরও প্রায় ৫০০ কর্মকর্তা-কর্মচারীর চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, তাঁরা পত্রিকায় বিজ্ঞাপন দেখে, নিয়মমাফিক আবেদন করে এবং পরীক্ষায় অংশ নিয়ে চাকরিতে যোগ দিয়েছেন। ইতিমধ্যে তাঁদের চাকরি স্থায়ী হয়েছে এবং ছয় বছর ধরে তাঁরা চাকরি করছেন। এমতাবস্থায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তাঁদের চাকরিচ্যুত করতে চাইছে। বক্তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ৭০০ শিক্ষক-কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নিয়ম মানা হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তাঁরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন এবং পদোন্নতি পেয়েছেন। তাই তদন্ত করতে হলে শুরু থেকে সব নিয়োগ অনিয়ম খতিয়ে দেখতে হবে। চাকরি রক্ষা কমিটির সভাপতি নূরুল আমীনের সভাপতিত্বে সমাবেশে নাজিম উদ্দিন আহমদ, মিয়া মো. আল হারুন, মুজাহিদুল ইসলাম, আবু হানিফ খন্দকার, মাসুদুর রহমান, রেহানা আক্তার, মিয়া হোসেন রানা, সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।