বিএসএমএমইউতে অনিয়ম নিয়ে আজ সিন্ডিকেট
চাকরিচ্যুতির আশঙ্কায় বিএনপিপন্থী শিক্ষক, চিকিৎসকদের একাংশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিএনপিপন্থী শিক্ষক ও চিকিৎসকদের একাংশের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাঁরা নিয়োগ পেয়েছেন বিগত চারদলীয় জোট সরকারের আমলে। ওই সময়ে পদোন্নতি পাওয়া বিএনপিপন্থী শিক্ষক-চিকিৎসকেরাও উদ্বেগে রয়েছেন। কারণ সে সময় বিএসএমএমইউতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম এবং ক্রয়ে দুর্নীতির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দিলে এ সভা ডাকা হয়। বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংসদীয় স্থায়ী কমিটির তদন্ত প্রতিবেদনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ও বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (ওএসডি) এস এম রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটের পক্ষে সেসব অনুমোদন বাতিল করার সুযোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই কেবল এসব নিয়োগ বাতিল করার প্রশ্ন উঠতে পারে।সূত্র জানায়, বিএসএমএমইউর ক্রয়, নিয়োগ, প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন চলতি বছরের ১২ জানুয়ারি সংসদীয় কমিটির কাছে জমা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ৪২ জন শিক্ষক, ৬১ জন চিকিৎসা পরামর্শক, ১৯৮ জন মেডিকেল কর্মকর্তা এবং ১২ জন প্রশাসনিক কর্মকর্তার নিয়োগ-পদোন্নতি বিধিসম্মত হয়নি। প্রতিবেদনে তাঁদের অধিকাংশের নিয়োগ বাতিল এবং বাকিদের পূর্বপদে প্রত্যাবর্তনের সুপারিশ করা হয়। ৮ এপ্রিল সংসদীয় কমিটির সভায় এই তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ওই সভার কার্যবিবরণীতে দেখা যায়, বিএনপির সাংসদ জেড আই এম মোস্তফা আলী ছাড়া কমিটির অন্য সাত সদস্য প্রতিবেদনের তথ্য ও বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। কার্যবিবরণীতে বলা হয়েছে, মন্ত্রণালয় সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে বিধিবিধানের আলোকে পরবর্তী ব্যবস্থা নেবে। জানা যায়, জোট সরকারের আমলে বিএসএমএমইউর সিন্ডিকেটে ছিল জোট সমর্থকদের একচ্ছত্র আধিপত্য। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতিতে ব্যাপক অনিয়ম হয় বলে অভিযোগ রয়েছে। সিন্ডিকেটে বর্তমানে আধিপত্য রয়েছে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ)। চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ বা পদোন্নতি পাওয়া একাধিক শিক্ষক ও চিকিৎসক জানান, তাঁরা চাকরি হারানোর আশঙ্কায় আছেন। তাঁদের কেউ কেউ চাকরি ছেড়ে বিদেশ চলে যাওয়ার কথাও জানান। রফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে অনেকে বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন, দক্ষতা অর্জন করেছেন। তাঁদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন তাঁদের চাকরিচ্যুত করলে তা হবে মানবাধিকারের লঙ্ঘন।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যাপক বলেন, সিন্ডিকেট সুবিচার না করলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।এদিকে ১০ মে ড্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে সব আমলের অনিয়ম তুলে ধরার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। এ ব্যাপারে প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। সিন্ডিকেট যে সিদ্ধান্ত দেবে, আমরা তা বাস্তবায়ন করব।’