চাকরিচ্যুতির প্রতিবাদে কর্মচারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় পরিচ্ছন্নতা কর্মীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মচারীরা। আজ বুধবার দুপুর ১২টা থেকে সিটি করপোরেশনের সচিবের কক্ষের সামনে তাঁরা এক ঘণ্টা এ কর্মসূচি পালন করেন। তবে সচিব দাবি করেন, দীর্ঘদিন ধরে ভুয়া হাজিরা দেখিয়ে বেতন নেওয়ার অভিযোগে তাঁদের চাকরি গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের শ্রমিক ও কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী অবস্থান কর্মসূচি সম্পর্কে প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে অন্যায়ভাবে ছয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এভাবে গত তিন-চার মাসে প্রায় ৮০ জন স্থায়ী-অস্থায়ী শ্রমিকের চাকরি গেছে। এঁদের বেশির ভাগই পরিচ্ছন্নতা কর্মী। কোনো কারণে একদিন কাজে আসতে না পারলেই শ্রমিকদের কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে। অনেক সময় শ্রমিকদের কোনো নোটিশও দেওয়া হচ্ছে না। এই অন্যায় কাজের প্রতিবাদ জানাতে আমরা সচিবের কক্ষের সামনে কর্মসূচি পালন করেছি। পরে মেয়রের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাসে শ্রমিকেরা সরে যান।

যোগাযোগ করা হলে সিবিএ নেতার অভিযোগ অস্বীকার করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, একদিন কাজে উপস্থিত না থাকায় চাকরি গেছে এটি মনগড়া কথা। মঙ্গলবার যে ছয়জন পরিচ্ছন্নতা কর্মীর চাকরি গেছে তাঁরা কাজ না করে দীর্ঘদিন ধরে বেতন নিচ্ছিল। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভাপতি শৈবাল দাশ প্রথম এ বিষয়টি জানতে পারেন। নগরের আলকরণ এলাকায় ১৫ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ না করে ভুয়া হাজিরা দেখিয়ে বেতন নিচ্ছিল। এঁদের মধ্যে নয়জন অস্থায়ী। এদের তখনই বাদ দেওয়া হয়েছে। আর বাকি ছয়জনের বিরুদ্ধে তদন্ত হয়েছে। বিষয়টি প্রমাণ হওয়ায় তাঁদের চাকরি গেছে।

সচিব জানান, এভাবে যারা কাজ না করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বেতন ভাতা নিচ্ছিল নতুন মেয়রের নির্দেশে গত তিন-চার মাসে বেশ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে।