চাকরিচ্যুতির ৩ বছর, প্রতিবাদে চিকিত্সকদের মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে চাকরিচ্যুত চিকিত্সকেরা চাকরি ফিরে পেতে মাননবন্ধন করেছেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে চিকিত্সকেরা বর্তমান সরকারের পদত্যাগ ও চাকরিতে তাঁদের পুনর্বহাল করার দাবি করেন।
চাকরিচ্যুতির তিন বছর উপলক্ষে আয়োজিত মানববন্ধনে চিকিত্সকেরা অভিযোগ করেন, ৫০ জন দেশবরেণ্য শিক্ষককে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিচ্যুতি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ও একমাত্র ঘটনা। দেশের স্বাস্থ্য-ব্যবস্থাকে ধ্বংস করে প্রতিবেশী একটি দেশের হাতে তুলে দেয়ার সুদূরপ্রসারী পরিকল্পনারই একটি অংশ হিসেবে তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। তাঁরা আরও বলেছেন, বিগত পাঁচ বত্সর অদক্ষ ও দলবাজ চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি দেওয়া হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা চিকিত্সক আবদুল কুদ্দুস, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দাল আহমদ, ড্যাবের সহসভাপতি আবদুস সালাম, সিরাজুল ইসলাম, ড্যাবের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান সৈয়দ আকরাম হোসেন, সাইফুল ইসলাম সেলিম, নেসার আহমেদ ও খন্দকার জিয়াউল ইসলাম প্রমুখ।