চাকরিজীবন শেষ হলেও পদোন্নতি পাচ্ছেন না ডিপ্লোমা প্রকৌশলীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৪ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী হিসেবে চাকরি পান কুষ্টিয়ার সারোয়ার হোসেন। বর্তমানে চাকরি করছেন অধিদপ্তরের খুলনা সার্কেলের সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। চাকরিজীবনের ৩৪ বছর পার করলেও এখনো কোনো পদোন্নতি পাননি তিনি। অথচ নিয়মানুযায়ী চাকরি পাওয়ার সাত বছর পরই পদোন্নতি পাওয়ার কথা তাঁর।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শুধু খুলনা সার্কেলেই পদোন্নতি ছাড়া এভাবে কাজ করে যাচ্ছেন ২৬ জন উপসহকারী প্রকৌশলী। আর গোটা দেশে এ সংখ্যা আছে প্রায় ৩৫০। যাঁদের চাকরির বয়স ইতিমধ্যে ৮ থেকে ৩৩ বছর পার হয়ে গেছে।
তাই পদোন্নতির দাবিতে এবার মাঠে নেমেছেন এসব ডিপ্লোমা প্রকৌশলী। পদোন্নতির দাবিতে গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন তাঁরা। জনস্বাস্থ্য প্রকৌশলের ডিপ্লোমা প্রকৌশল সমিতি খুলনাঞ্চল আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক রতন কুমার সাহা। তিনি বলেন, দেশের উন্নয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে জনগণের সুপেয় পানির সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনব্যবস্থা ও আর্সেনিকমুক্ত পানির সুবিধা নিশ্চিত করছেন তাঁরা। কিন্তু তাঁরা পেশাগত সমস্যা, বিশেষ করে নিয়োগ, পদোন্নতি, বিদেশ প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘ চাকরিজীবনে এসব সুবিধা না পাওয়ার কারণে প্রকৌশলীরা হতাশ হয়ে পড়েছেন।
অধিদপ্তরে কর্মরত ডিগ্রিধারী প্রকৌশলীদের অসহযোগিতার কারণেই এমনটি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। রতন কুমার সাহা বলেন, ডিগ্রিধারী প্রকৌশলীরা সব সময় ডিপ্লোমা প্রকৌশলীদের দমিয়ে রাখতে চান। এ কারণে তাঁরা ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি-সংক্রান্ত কোনো কাজে সহযোগিতা করেন না।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কোনো কোনো এলাকায় একজন সহকারী প্রকৌশলী (ডিগ্রি) নিয়মবহির্ভূতভাবে নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যাঁরা সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন, তাঁদের ৩০-৩২ বছরের অভিজ্ঞতা থাকার পরও নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে না।
অনতি বিলম্বে ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি মেনে না নেওয়া হলে তাঁরা কলম বিরতি থেকে শুরু করে কঠোর আন্দোলনের পথ বেছে নেবেন বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেন।