চাকরিজীবী ছাত্রলীগ নেতা!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদ ধরে রেখেছেন মাহফুজার রহমান। শুক্রবার তিনি কুড়িগ্রামে ছাত্রলীগের জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাহফুজার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণত ২৯ বছরের কম বয়ষ্ক ও ‘নিয়মিত’ শিক্ষার্থীরাই এর কেন্দ্রীয় কমিটিতে থাকার অধিকার রাখেন। এছাড়াও ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫ (গ) ধারায় বলা আছে, সরকারি চাকরিতে নিয়োজিত কোনো ছাত্র-ছাত্রী সংগঠনের সদস্যপদ পাবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হলেও এর নিয়োগ প্রক্রিয়া সরকারি বিধি অনুসরণ করেই হয়ে থাকে।
একটি সূত্রে জানা গেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ১৮ জন সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োজিত; অন্তত ১৭ জন বিভিন্ন ব্যবসায়ের সঙ্গেও জড়িত। দুই শীর্ষ নেতাসহ কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্যই নিয়মিত ছাত্র নন। এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলে আসছেন, ‘যাঁরা চাকরি করেন তাঁরা সবাই সংগঠনের পদ থেকে অব্যহতি নিয়েছেন।’
ব্যাপারটি নিয়ে মাহফুজারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে ফোন কেটে দেন। দ্বিতীয়বার যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, ‘ভাই এখন খুব ব্যস্ত আছি। পরে কথা হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলো কে বলেন, ‘এটি সরকারি চাকরি নয়। বঙ্গবন্ধু মেডিকেল একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এখানে পেশাজীবী হিসেবে রাজনীতি করার অধিকার তাঁর রয়েছে।’