চাকরিজীবীদের আন্দোলন চলবে, সিদ্ধান্ত পাল্টাবেন না অর্থমন্ত্রী
নতুন বেতন স্কেলে বেতন ও পদমর্যাদা ‘বৈষম্যের’ প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ ২৭ থেকে ৩০ ডিসেম্বর এক ঘণ্টা করে (১১টা থেকে ১২টা পর্যন্ত) কর্মবিরতিসহ কিছু কর্মসূচি ঘোষণা করেছে গতকাল বুধবার। প্রায় অভিন্ন দাবিতে একই দিনে মানববন্ধন করেছেন প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক (প্রকৃচি) ও ২৬টি বিসিএস ক্যাডারের কর্মকর্তারা।
এদিকে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আন্দোলনে আছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে কয়েকজন নেতা বেতন ও পদমর্যাদা বৈষম্য দূর করার দাবিতে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, যে যা-ই বলুক, বেতনকাঠামো পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি শিক্ষক ও ব্যাংকারদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই সব ঠিক করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাঁদের দাবি একেবারেই অজ্ঞতাপ্রসূত। জাতীয় অধ্যাপকদের কোনো বেতনকাঠামো নেই। এটা একটা সম্মান।
এমপিওভুক্তিকে অত্যন্ত ‘বাজে’ পদ্ধতি উল্লেখ করে মুহিত এমপিওভুক্ত শিক্ষকদের সমালোচনা করেন। তিনি বলেন, এই পদ্ধতি বিদ্যালয়ের স্বার্থ দেখে না, ছাত্রদের স্বার্থও দেখে না। শুধু শিক্ষকদের স্বার্থ দেখে। তাঁদের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ কমিটির সুপারিশ অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। যদিও কমিটি খুবই ধীরে কাজ করছে।
বেতনকাঠামোতে বৈষম্যের যে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা, তাকে ‘খামাখা’ বলে মন্তব্য করেন মুহিত। তিনি বলেন, ‘তাঁদের দাবিদাওয়ার মধ্যে যৌক্তিক কিছু দেখছি না। অযৌক্তিক দাবিতে তাঁরা এসব করছেন। ননসেন্স।’ ব্যাংক খাতে আলাদা বেতনকাঠামো হচ্ছে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
কর্মকর্তাদের মানববন্ধন: গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমন্বয় কমিটির নেতারা বলেন, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, চাকরির শুরুতে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল করতে হবে। একই দাবিতে তাঁরা আজ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান।
অন্যদিকে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদের নেতারা বলেন, চাকরির শুরুর পদে ক্যাডার কর্মকর্তাদের অষ্টম গ্রেড ও নন-ক্যাডার কর্মকর্তাদের নবম গ্রেড নির্ধারণ করে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। আর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার কারণেও ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা। এই দুই সমস্যা সমাধানসহ নয় দফা দাবিতে তাঁদের ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আজ থেকে ৩০ ডিসেম্বর কালো ব্যাজ ধারণ, ২৭ থেকে ৩০ ডিসেম্বর এক ঘণ্টা করে কর্মবিরতি ও ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। এর মধ্যেও দাবি পূরণ না হলে ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিষদের সভাপতি শফিউল আজম, মহাসচিব জিন্নাত আলী বিশ্বাস প্রমুখ।