চাকরিতে আবেদনের সঙ্গে ফি না নিতে ব্যাংকগুলোকে পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের চাকরির আবেদনের সঙ্গে কোনো প্রকার ফি না নিতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয়ে উৎসাহ জোগাতে ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং চালু করারও পরামর্শ দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল মঙ্গলবার দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীদের কাছে পাঠানো পৃথক দুটি সার্কুলারে এ পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, চাকরির আবেদনের সময় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি দেওয়া একজন বেকার যুবকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। সার্কুলারে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক ব্যবসায় ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে ব্যাংকের চাকরির প্রত্যাশা ও ব্যাংকিং পেশায় নিজেকে যুক্ত করার সুযোগ পাওয়া যেকোনো শিক্ষিত চাকরি প্রার্থীর জন্য একটি আকাঙ্ক্ষিত বিষয়। কিছু বিদেশি ও বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক চাকরির আবেদনপত্রের সঙ্গে কোনো প্রকার ফি নেয় না, যা উৎসাহব্যঞ্জক ও প্রশংসার দাবি রাখে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক যেসব ব্যাংক চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ফি আদায় করছে, তাদের বিষয়টিও বিবেচনা করার অনুরোধ করেছে। অপর সার্কুলারে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ছাত্রছাত্রীদের ব্যাংকিং সেবার আওতায় আনার প্রয়োজনীতার কথা উল্লেখ করেছে। সূত্রগুলো বলছে, অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মানসিকতা গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। এতে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী যাদের বয়স ১৮ বছরের কম, তাদের জন্য সহজে সঞ্চয়ী হিসাব খোলার উৎসাহ দেওয়া হবে। বর্তমানে ১৮ বছরের কম বয়সীদের ব্যাংক হিসাব খোলা হলেও তারা নিজেরা হিসাব খুলতে ও পরিচালনা করতে পারে না। এ জন্য একজন সহযোগী হিসাবধারী থাকে। যার মাধ্যমে অর্থ জমা ও উত্তোলন হয়ে থাকে। স্কুল ব্যাংকিংয়ের আওতায় একজন শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলেও সে একাই হিসাব পরিচালনা করতে পারবে। এ জন্য কোনো সহযোগী লাগবে না। তবে এসব হিসাবধারী চেক দিতে পারবে না। স্কুল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ অথবা ফি নিতে পারবে না ব্যাংকগুলো। যেমনটি সুযোগ দেওয়া হয়েছে কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে। এই হিসাবে ন্যূনতম স্থিতি নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। মাসে একাধিকবার ন্যূনতম ২০ টাকা জমা রাখতে পারবে হিসাবধারীরা।