চাকরিতে কোটা সংস্কার দাবির সমাবেশে ছাত্রলীগের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে বিভিন্ন কোটার হার কমানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকা সমাবেশ করতে পারেননি সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধায় কর্মসূচি পণ্ড হয়েছে। গতকাল শনিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ওই সমাবেশ হওয়ার কথা ছিল।কোটা সংস্কারের পক্ষের কয়েকজন শিক্ষার্থী জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে সংস্কারের পক্ষে থাকা শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হওয়ার চেষ্টার করেন। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, কোটা সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বেশির ভাগই সাধারণ শিক্ষার্থী। তবে শিবিরের কেউ থাকলেও থাকতে পারেন। সেই বিষয়টি সামনে এনে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে চাইছে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচাল করতে জামায়াত-শিবির নানাভাবে ষড়যন্ত্র করছে। এখানে ছাত্রশিবির কোটা সংস্কারের নামে আন্দোলন করে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তাই সাধারণ শিক্ষার্থীরাই তাঁদের সরিয়ে দিয়েছেন। তবে সেখানে হামলা চালানো হয়নি।’বর্তমানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ শতাংশ, জেলা কোটায় ১০ শতাংশ, নারী কোটায় ১০ শতাংশ, উপজাতি কোটায় ৫ শতাংশ এবং প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ নিয়োগ দেওয়া হয়।