চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ করার দাবি
চাকরিতে ঢোকার বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে গতকাল শনিবার ঠাকুরগাঁও ও দিনাজপুরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
গতকাল দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
এতে ঠাকুরগাঁও সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের তিনি শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মির্জা মো. নুরনবী, সহসভাপতি শাহাদাত হোসেন, আলমগীর ও দারাজ আলী বক্তৃতা করেন। বক্তারা সরকারের কাছে চাকরিতে ঢোকার বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানান। শেষে তাঁরা জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি সঞ্চারকলিপি পেশ করেন। বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র মেজবাহুল হক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের কারণে মাস্টার্স পাস করতে ২৮ বছর লেগে যায়। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা সরকারি চাকরি পাওয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় পান না। এতে দিনাজপুর সরকারি মহিলা কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।