চাকরিতে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন
মৎস্য ডিপ্লোমাধারীদের পেশাভিত্তিক পদে নিয়োগ থেকে ‘বঞ্চিত করার’ প্রতিবাদে এবং এসব পদে নিয়োগ দেওয়ার দাবিতে চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাঁরা মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর কাছে তাঁরা স্মারকলিপি দেন।
চাঁদপুর মৎস্য ডিপ্লোমা কেন্দ্রের সপ্তম পর্বের শিক্ষার্থী রেজাউল হক প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র চাঁদপুর মৎস্য ডিপ্লোমা কেন্দ্রের চার বছর মেয়াদি কোর্স সম্পন্ন করে গত তিন বছর ৭৫ জন শিক্ষার্থী বেকার বসে আছেন। কিন্তু সরকার চলতি (গত) মাসে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প ২য়-এর আওতায় সারা দেশে ৫০০ ক্ষেত্র সহকারী নিয়োগে প্রকৃত পেশাভিত্তিক দক্ষতা ও জ্ঞানের অধিকারীদের নিয়োগ থেকে বঞ্চিত করে সাধারণ ডিগ্রিধারীদের সুযোগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ ছাড়া শিক্ষার্থীরা সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে জেলা শহরে বিক্ষোভ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। স্মারকলিপিটি মন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।