চাকরিতে নিয়োগের দাবিতে হরিজনদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী, ঝাড়ুদার ও সুইপার পদে হরিজন সম্প্রদায়ের লোকদের বাদ দিয়ে অ-হরিজনদের নিয়োগের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হরিজন সম্প্রদায়ের লোকজন গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন। পরে তাঁরা নিজ নিজ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: গতকাল বেলা ১১টায় দুই শতাধিক নারী-পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে তাঁরা জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের কাছে স্মারকলিপি দেন। এ সময় জেলা হরিজন ঐক্যপরিষদের সভাপতি রিপন জমাদার, সহ-সভাপতি অরুণ হেলা ও জাভেদ জমাদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ জমাদার, সাংগঠনিক সম্পাদক মনা জমাদার প্রমুখ উপস্থিত ছিলেন। ঝালকাঠি: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন করে জেলা হরিজন ঐক্যপরিষদ। পরে পরিষদের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা হরিজন ঐক্যপরিষদের উপদেষ্টা সহাদেব ভক্ত, সভাপতি পানু হরিজন, যুগ্ম সম্পাদক আব্বাস হরিজন, সাংগঠনিক সম্পাদক বিজয় ভক্ত, কোষাধ্যক্ষ সঞ্জিব হরিজন প্রমুখ। নীলফামারী: জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে সংগঠনের সভাপতি ভারত ভাস্করের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কালু ভাস্কর এবং জেলা হরিজন ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মেঘুরাম। ভোলা: বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালিত হয়। পরে পথসভায় হরিজন সম্প্রদায়ের নেতারা বক্তব্য দেন। দুপুর সাড়ে ১২টার দিকে হরিজনেরা ভোলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।