চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেল সোয়া চারটা থেকে পাঁচটা পর্যন্ত তাঁরা রাস্তা অবরোধ করে রাখেন।
এ সময় চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ধাওয়া খেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এ সময় দুজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। সড়ক অবরোধের আগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা তিনটার দিকে জাতীয় জাদুঘরের সামনে প্রায় আড়াই শ চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী জড়ো হন। ‘বয়স বাড়ান, জীবন বাঁচান’ স্লোগানে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল বের করেন আন্দোলনকারীরা। দাবির পক্ষে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে গিয়ে রাস্তায় বসে পড়েন। এরপর চারপাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ সময় চাকরিপ্রত্যাশীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছেড়ে যাবেন না তাঁরা। সাড়ে চারটার পর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মাইকে আন্দোলনকারীদের পাঁচ মিনিটের মধ্যে সড়ক থেকে সরে যেতে বলেন। এর আগে জলকামানসহ একদল দাঙ্গা পুলিশ সেখানে অবস্থান নেয়।
বিকেল পাঁচটার দিকে পুলিশ আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নেয় এবং শাহবাগ চত্বর থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। আটক করা হয় সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামানকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা অঞ্চলের এডিসি মো. ইব্রাহীম খান সাংবাদিকদের বলেন, ‘জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় আমরা তাঁদের সরিয়ে দিয়েছি। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে।’
পরে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, সহসভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সঞ্জয় কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স বাড়লে প্রবেশের বয়স কেন বাড়বে না?’