চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গড় আয়ু ও কর্মক্ষমতা বাড়ার যুক্তিতে সরকারি চাকরিতে অবসরের সময়সীমা বাড়ানো হয়েছে। দেশের শিক্ষিত বেকার তরুণদের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। এ কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা ‘যৌক্তিক ও ন্যায়সংগত’ বলে মনে করেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সদস্যরা।

গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে চাকরির বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা।

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মো. লোকমান হায়দার চৌধুরী বলেন, বিদ্যমান শিক্ষাব্যবস্থায় ছয় বছর বয়সে শিক্ষাজীবনের শুরু হয়। স্নাতক শেষ করতে ২৩ বছর লাগে। এ ছাড়া নন-পিএসসির ক্ষেত্রে চাকরিতে আবেদন শুরুর বয়স রাখা হয়েছে ১৮ বছর, যা একটি অকার্যকর আইন। ক্যাডারের ক্ষেত্রে ২১ বছর বয়সে আবেদনের আইনটিও গ্রহণযোগ্যতা হারিয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের আইনটি সংশোধন করলে বর্তমানে স্নাতক শেষে চাকরিতে আবেদনের বয়স স্বাভাবিকভাবেই তা ৩৫ বছর হয়।

সমাবেশে বলা হয়, দেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭ বছর, আয়ু বেড়ে ৫০ হলে তা ৩০ বছর করা হয়। এখন আয়ু বেড়ে ৭১ হওয়ার পরও চাকরিতে প্রবেশের বয়স কোনোভাবেই ৩০ বছর থাকতে পারে না। এ বয়স অন্তত ৩৫ হওয়া উচিত।

মানববন্ধন শেষে একটি মিছিল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। এখানে বলা হয়, ২৮ জানুয়ারিও একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করবে এই সংগঠন।