চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬০ বছর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা এক বছর বাড়িয়ে ৬০ বছর নির্ধারণের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার বীরশ্রেষ্ঠদের পরিবার এবং নির্ধারিত বীরত্ব পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। খবর বাসসের।সশস্ত্র বাহিনী বিভাগ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে।অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা জাতি যাতে চিরদিন স্মরণ করে এবং তাঁদের উত্তরাধিকারীদেরও সম্মান প্রদর্শন করে, এ জন্য তাঁর সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে।শেখ হাসিনা বলেন, এখন থেকে মুক্তিযোদ্ধারা সব সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা পাবেন। তাঁদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ চলছে।মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর তাঁদের দাফন বা সৎকার সম্পন্ন করতে মঞ্জুরি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার করা হয়েছে। পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যাও বেড়েছে। এ সঙ্গে বীরশ্রেষ্ঠদের পারিবারিক ভাতা ১১ হাজার ২৫০ থেকে ১৪ হাজার এবং অন্য শহীদদের পারিবারিক ভাতা পাঁচ হাজার ৮৫০ থেকে বৃদ্ধি করে সাত হাজার ২০ টাকা করা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের ডেটাবেজ তৈরি করছে।অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ৬০ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানী ও উপহার দেওয়া হয়।শেখ হাসিনা তাঁর আসন ছেড়ে বীরশ্রেষ্ঠ আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের মায়ের কাছে এসে তাঁদের হাতে সম্মানী ও উপহার তুলে দেন।