কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গতকাল বুধবার এক বৈঠকের পর তাঁরা আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন।
চাকরির দাবিতে ছাত্রলীগের সাবেক এই নেতা-কর্মীদের আন্দোলনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। একই দাবিতে সোমবার তাঁরা প্রশাসন ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন। পরে উপাচার্যের কার্যালয়সহ ওই ভবনের সব কক্ষে তালা লাগিয়ে দেন। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন অবরোধেরও ডাক দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে চাকরিপ্রত্যাশীদের বৈঠক হয়। এ সময় উপাচার্য আবদুল হাকিম সরকার, সহ-উপাচার্য শাহিনুর রহমানসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা–কর্মীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ে জামায়াত-বিএনপির কোনো প্রার্থীকে নিয়োগ না দেওয়া, অর্থনীতি, পরিসংখ্যান ও আইন বিভাগের অনুষ্ঠেয় পরীক্ষার নিয়োগ বোর্ড স্থগিত করা এবং এই বোর্ডকে কেন্দ্র করে ডাকা সিন্ডিকেট সভা স্থগিত করা।
বৈঠক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাতটায় চাকরিপ্রত্যাশীরা প্রশাসন ভবনের মূল ফটকসহ বিভিন্ন কার্যালয়ে লাগানো তালা খুলে দেন। তাঁরা আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চলাচলের ওপর থেকেও অবরোধ প্রত্যাহার করে নেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও চাকরিপ্রত্যাশী আশিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করা তিন দফা দাবি মেনে নেওয়ায় আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি এবং আমাদের চাকরির বিষয়টি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করবে বলেও আশ্বাস দিয়েছে।’
এ ব্যাপারে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক করার স্বার্থে ওই তিন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় যদি চাকরিপ্রত্যাশীদের দাবি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অনুমতি দেয়, তবে তা তখন বিবেচনা করে দেখা হবে বলে তাঁদের বলা হয়েছে। এতে তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।
প্রশাসন ভবন তালাবদ্ধ থাকায় গতকাল দ্বিতীয় দিনের মতো অফিস করতে পারেননি উপাচার্য, সহ-উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। তা ছাড়া কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে কোনো বাস না আসায় কোনো বিভাগেই পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।