চাকরিপ্রত্যাশীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসে গতকাল শনিবার সকাল থেকে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। অনলাইন ক্যারিয়ার পোর্টাল ‘চাকরি ডটকম’ এই মেলার আয়োজন করেছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ জসীম উদ্দিন সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান, কর্মকর্তা কামরুল হাসানসহ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরই অতিথিরা মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন।
উদ্বোধনের পরই চাকরিপ্রত্যাশীদের ভিড় জমে। মেলায় কয়েকটি প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী শারমীন আক্তার প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠানে নিজের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ হয়েছে এ মেলায়। এখন কাল (রোববার) সাক্ষাৎকার দেওয়ার অপেক্ষায় আছি।’
মেলায় আবাসন প্রতিষ্ঠান সিপিডিএলে জীবনবৃত্তান্ত জমা দিয়ে বের হয়ে হীরক চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে চাকরির প্রত্যাশায় জীবনবৃত্তান্ত জমা দিয়েছি।’
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অসংখ্য শিক্ষার্থী মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। মেলার আয়োজক চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান উল হক বলেন, মেলায় ১৭টি প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার জীবনবৃত্তান্ত জমা পড়েছে। এসব জীবনবৃত্তান্ত যাচাই করে রোববার সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সাক্ষাৎকারে ভালো করলে মেলা থেকেই নিয়োগ দেবে প্রতিষ্ঠানগুলো।
মেলায় নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কর্মী খুঁজে নিতে অংশ নিয়েছে প্রাণ, সিটি ব্যাংক, র্যাংগ্স মোটরস, সজীব গ্রুপ, সিডিপিএল, গ্রিন প্ল্যানেট হোল্ডিং লিমিটেড, রয়েক্স টেকনোলজিস, ট্রান্সকম ইলেকট্রনিকস, হিপস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন লিমিটেড, পেপসি, হাবঢাকা, পিটুপি ফার্নিচার, ইমি ভিসা, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, আরএসপি পাম্প ও এসকেএফের মতো প্রতিষ্ঠান।
সিটি ব্যাংকের ডিরেক্ট মার্কেটিং টিমের এরিয়া হেড মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ব্যাংকের বিভিন্ন পদের জন্য যোগ্য লোকবল নিয়োগ দিতে মেলায় আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তা আবু ওবায়েদ আহমেদ বললেন, বিভিন্ন বিভাগে এন্ট্রি লেভেলে লোকবল নিয়োগ দেবে প্রাণ-আরএফএল গ্রুপ।
মেলায় সিটিসি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রেশাইন ইলেকট্রনিকস লিমিটেডের পরিচালক আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, আরএসপি ওয়াটার পাম্প বাজারজাত করার জন্য নতুন কর্মী খুঁজছেন তাঁরা। বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, সার্ভিস ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদের জন্য প্রত্যাশার চেয়ে বেশি জীবনবৃত্তান্ত জমা পড়েছে বলে জানালেন তিনি।
নতুন ব্যবসা সম্প্রসারণের জন্য সজীব গ্রুপ এই মেলা থেকে যোগ্য লোক খুঁজছে বলে জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (মানবসম্পদ) ইশরাত জাবীন।
মেলায় শিক্ষার্থীদের জন্য সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান উল হক ও সিনিয়র অ্যাকাউন্ট স্পেশালিস্ট মো. নাইমুর রহমান সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত লেখার কৌশল নিয়ে কথা বলেন।
মেলা আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি, এবিসি রেডিও, পেপসি ও কুড়কুড়ে। এ ছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। আজ রোববার এ মেলা শেষ হবে।