চাকরিপ্রার্থীদের প্রত্যাশা পূরণে জব পোর্টাল 'চাকরি ডটকম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার চাকরির ওয়েব পোর্টাল চাকরি ডটকমের নানা দিক নিয়ে প্রথম আলো ডিজিটালের সঙ্গে মতবিনিময় করেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ কর্মকর্তারা। এতে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: জাহিদুল করিম
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার চাকরির ওয়েব পোর্টাল চাকরি ডটকমের নানা দিক নিয়ে প্রথম আলো ডিজিটালের সঙ্গে মতবিনিময় করেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ কর্মকর্তারা। এতে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: জাহিদুল করিম

চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের জন্য নিত্যনতুন সব সুযোগ-সুবিধা নিয়ে এসেছে চাকরি ডটকম। এখন থেকে চাকরিপ্রত্যাশীরা www.chakri.com এই ওয়েবসাইটে গিয়ে তাঁদের পছন্দমতো চাকরি খুঁজতে পারবেন। 

চাকরি ডটকমের নানা দিক নিয়ে আজ মঙ্গলবার সকালে কারওয়ান বাজারের সিএ ভবনের প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ডিজিটাল বিভাগের কর্মকর্তা ও দেশের শীর্ষ প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মানবসম্পদ কর্মকর্তাদের সামনে চাকরি ডটকমের নানা দিক তুলে ধরা হয়। এ সময় মানবসম্পদ কর্মকর্তারা এই ওয়েবসাইটটির বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন।

চাকরি ডটকমের হেড অব বিজনেস রেদওয়ান-উল-হক নতুন এই পোর্টাল নিয়ে বিশদ ব্যাখ্যা দেন। ছবি: জাহিদুল করিম
চাকরি ডটকমের হেড অব বিজনেস রেদওয়ান-উল-হক নতুন এই পোর্টাল নিয়ে বিশদ ব্যাখ্যা দেন। ছবি: জাহিদুল করিম

প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন বলেন, চাকরি ডটকম কারিগরি দিক থেকে অনেক এগিয়ে থাকা একটি জব পোর্টাল। খুব সহজেই যাতে ব্যবহারকারীরা এখান থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো খুঁজে বের করতে পারেন, সেভাবেই এটি তৈরি করা হয়েছে। প্রথম আলো জবসের নাম পরিবর্তন করে চাকরি ডট কম করা হয়েছে। দীর্ঘ আট বছরের পথপরিক্রমা শেষে এই নাম পরিবর্তন করা হয়।
স্বাগত বক্তব্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো জবসের নাম পরিবর্তন করে আমরা নতুন করে চাকরির জব পোর্টাল চাকরি ডটকম চালু করেছি। এর আগে এ ধরনের জব পোর্টাল পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এটি তৈরি করেছি। আমরা আশা করি, এতে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশী উভয়ই লাভবান হবেন।’
চাকরি ডটকমের সেবার নানা দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক। তিনি বলেন, দেশে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি, যাঁদের বেশির ভাগই চাকরিপ্রত্যাশী। তাঁরা যেমন ভালো একটি চাকরির ওয়েব পোর্টাল চান, তেমনি চাকরিদাতা প্রতিষ্ঠানও তাঁদের প্রত্যাশা অনুযায়ী মেধাবী কর্মী নিয়োগ দিতে চায়। এসব বিষয় মাথায় রেখেই চাকরি ডটকম চালু করা হয়েছে। চাকরিদাতাদের জন্য চাকরি ডটকমের ওয়েবসাইটে বিশেষ কিছু সুবিধা থাকছে। এর মধ্যে আছে একটি স্মার্ট এমপ্লয়ার প্যানেল, চাকরির বিবরণ পৃষ্ঠায় নিজেদের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করা ও প্রকাশিত চাকরির বিজ্ঞাপনটি সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করার সুবিধা। এ ছাড়া সহজেই চাকরিদাতা এই ওয়েবসাইটে দেখতে পাবেন, কতজন আগ্রহী প্রার্থী তাঁদের দেওয়া চাকরির বিজ্ঞাপনটি দেখেছেন।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার চাকরির ওয়েব পোর্টাল চাকরি ডটকমের নানা দিক নিয়ে প্রথম আলো ডিজিটালের সঙ্গে মতবিনিময়ে বসেছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ কর্মকর্তারা।  ছবি: জাহিদুল করিম
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার চাকরির ওয়েব পোর্টাল চাকরি ডটকমের নানা দিক নিয়ে প্রথম আলো ডিজিটালের সঙ্গে মতবিনিময়ে বসেছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ কর্মকর্তারা। ছবি: জাহিদুল করিম


এই চাকরির ওয়েব পোর্টালে জব সার্চ ইঞ্জিন নামের একটি ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা তাঁদের নানা ধরনের কি ওয়ার্ড ব্যবহার করে চাকরির বিজ্ঞপ্তিটি খুঁজতে পারবেন। যেমন-জেলা, পদবি, অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাপ্রতিষ্ঠান লিখে সার্চ দিলে কাঙ্ক্ষিত চাকরির বিজ্ঞাপন চলে আসবে। আর চাকরিপ্রত্যাশীদের জন্য ওয়েবসাইটে একটি স্মার্ট জব সিকার প্যানেল সাজানো হয়েছে। জব সিকার প্যানেল থেকে চাকরিপ্রত্যাশী ভিউ ডিটেইলস অপশনে ক্লিক করে দেখতে পাবেন এ পর্যন্ত কতটি কোম্পানি তাঁর সিভিটি দেখেছে। অ্যাপ্লাইড অনলাইন ডিটেইল পেজে গিয়ে চাকরিপ্রত্যাশী জানতে পারবেন, তিনি কোন কোম্পানির কোন পদে অ্যাপ্লাই করেছেন এবং সেটার ডেডলাইন কবে। সেভ জব থেকে চাকরিপ্রত্যাশীরা সেই সেভড জবের ডেডলাইন দেখতে পাবেন। এখানে অ্যাকশন অপশনটি ব্যবহার করে তিনি সেভড জবটি ডিলিট করতে পারবেন। এ ছাড়া ইনবক্স মেসেজেস মেন্যু থেকে এমপ্লয়ার কর্তৃক প্রার্থীকে পাঠানো সব মেসেজ দেখতে পারবেন।

মতবিনিময়ের একপর্যায়ে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ কর্মকর্তারা।  ছবি: জাহিদুল করিম
মতবিনিময়ের একপর্যায়ে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ কর্মকর্তারা। ছবি: জাহিদুল করিম

মতবিনিময় সভায় বক্তারা চাকরি ডটকমের উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা এই ওয়েব পোর্টালে তাঁদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশে পরবর্তী ৫ থেকে ১০ বছরে কোনো ধরনের চাকরির প্রয়োজনীয়তা বাড়তে পারে এ-সংক্রান্ত গবেষণা বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ারও পরামর্শ দেন কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন আইসিডিডিআরবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, কাফকোর মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আসিফ আইনুল হক, সিটি ব্যাংকের হেড অব রিক্রুটমেন্ট অ্যান্ড এমআইএস শায়লা পারভীন, কোকা-কোলা ইন্টারন্যাশনালের মানবসম্পদ বিভাগের পরিচালক মহসিনুল হক, এসকেএফের পরিচালক (কমার্শিয়াল ও হিউম্যান রিসোর্স) মোহাম্মাদ মোস্তফা হাসান, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. মশিউর রহমান খান, জিএসকে-এর হেড অব কমিউনিকেশনস রুমানা আহমেদ, গ্রামীণফোনের হেড অব সার্ভিস সেন্টার সাব্বির আহমেদ, জেমকন গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান সাঈদ আহমেদ, ডিবিএলের মানবসম্পদ বিভাগের নির্বাহী পরিচালক এম সাব্বির আলী, ডিএইচএলের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।